প্রিয়াঙ্কায় ‘বেওয়াচ’ সরগরম
একদিকে দীপিকার ‘ট্রিপল এক্স’, আরেকদিকে প্রিয়াঙ্কার ‘বেওয়াচ’। বলিউডের দুই সেনসেশন এখন চনমনে সময় কাটাচ্ছেন হলিউডে। ‘বেওয়াচ’ নিয়ে তো সবারই আগ্রহ একটু বেশি। ‘বেওয়াচ’ তারকাদের মধ্যে এবারে নতুন চমকের নাম প্রিয়াঙ্কা চোপড়া, কাজেই আগ্রহ তো একটু বেশি হবেই। এনডিটিভির খবরে জানা গেল প্রিয়াঙ্কার সাগরপাড়ের এই ছবির কাজের হালচাল।
গতকাল রোববার প্রিয়াঙ্কার সহশিল্পী ডোয়াইন জনসন, যিনি কি না ‘দ্য রক’ নামে সুপরিচিত— একটি ছবি আপলোড করেছেন ইনস্টাগ্রামে। সেখানে ডোয়াইনের পাশেই বসে রয়েছেন প্রিয়াঙ্কা, আর সাথে রয়েছেন ছবির প্রায় সব তারকাই। ছিলেন আলেক্সান্দ্রা দাদারিও, জাক এফ্রন, কেলি রোরবাক, ইলফেনেশ হাদেরা ও জন বেস। একসাথে বসে খাওয়া-দাওয়া করছিলেন সবাই, পরিবেশও ছিল বেশ হাস্যোজ্জ্বল।
একই ছবি প্রিয়াঙ্কা নিজেও আপলোড করেছেন ইনস্টাগ্রামে। তিনি জানান, শিগগিরই শুটিংয়ে কোমর বেঁধে নামছেন তাঁরা। শুভকামনা জানান পুরো ‘বেওয়াচ’ টিমকে।

মজার বিষয়, এই ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা যাবে মুখ্য খল চরিত্রে। প্রথমে নাকি এই চরিত্রটি ছিল পুরুষের, পরে তা পরিবর্তন করা হয়েছে। প্রিয়াঙ্কার চরিত্রের নাম ভিক্টোরিয়া ডিডস। এই খলচরিত্র নিয়ে উচ্ছ্বাসের অন্ত নেই এই বলিউড অভিনেত্রীর!
প্রিয়াঙ্কা বলেন, ‘খলচরিত্রে কাজ করা খুবই মজার। কারণ, তখন আড়ষ্টতা থেকে বেরিয়ে এসে একেবারে যেমন ইচ্ছে তেমন আচরণ করার একটা সুযোগ থাকে। ভিক্টোরিয়ার চরিত্রটা খুবই নিষ্ঠুর আর নির্মম। কমফোর্ট জোন থেকে বেরিয়ে কাজ করার সুযোগ পাব।’
‘বাজিরাও মাস্তানি’র জন্য বিপুল প্রশংসা পেয়েছেন প্রিয়াঙ্কা। এ বছরে তাঁকে দেখা যাবে প্রকাশ ঝার ‘জয় গঙ্গাজল’ ছবিতে।

সামি আল মেহেদী