ভিডসিতে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য ছবি ‘আইডেন্টিটি’
সিঙ্গাপুরভিত্তিক আন্তর্জাতিক চলচ্চিত্রের ওয়েব প্ল্যাটফর্ম ভিডসিতে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ‘আইডেন্টিটি’। স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রটির নির্মাতা রুহুল রবিন খান।
চলচ্চিত্রটিতে সমলিঙ্গপ্রেমী একজন মানুষের মানবিক যন্ত্রণা ও অন্তর্দহনের চিত্র ফুটে উঠেছে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দ্বীপ, জুডি রোজারিও ও সামি।
অ-আর্কিটেক্ট থেকে নির্মিত এই চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন জায়েদি আমান অয়ন এবং অর্ণব নাসির আর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জান্নাতুল নাঈম।
এর আগে চতুর্দশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘আইডেন্টিটি’ চলচ্চিত্রটি। চলচ্চিত্রটি দেখতে দর্শকরা ক্লিক করতে পারেন এই লিংকে।
চলচ্চিত্র প্রদর্শনের জন্য সিঙ্গাপুরভিত্তিক একটি অনলাইন প্ল্যাটফর্ম ‘ভিডসি’। এশিয়ার বাছাইকৃত স্বল্পদৈর্ঘ্য ছবি দর্শকের কাছে পৌঁছে দিতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

চলচ্চিত্র উৎসব, নির্মাতা ও চলচ্চিত্র প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ তৈরি এবং তাদের সেরা কাজগুলো দর্শকদের কাছে পৌঁছে দিতে সিঙ্গাপুর ছাড়াও তাইওয়ান, মালয়েশিয়া, ফিলিপাইন, চীন, কোরিয়া, জাপান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডসহ আরো কয়েকটি দেশে কাজ করছে এশিয়ার এই মাইক্রো সিনেমা প্ল্যাটফর্ম।
‘আইডেন্টিটি’ ছবিটি ছাড়াও বর্তমানে বাংলাদেশের আরো চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভিডসি’তে রয়েছে।

ফিচার ডেস্ক