২৬ বছরের সংসার ভাঙলেন ওম পুরি
বলিউডে বিচ্ছেদের মৌসুম চলছে যেন। কেবল প্রেমের সম্পর্কের নয়, বিবাহবিচ্ছেদেরও ধুম পড়েছে বললে ভুল হবে না। ফারহান আখতারের পর এই তালিকায় নাম লিখিয়েছেন বর্ষীয়ান অভিনেতা ওম পুরি। মিসমালিনীর খবরে জানা গেল, নন্দিতা ও ওম পুরির ২৬ বছরের দাম্পত্য সম্পর্কের সমাপ্তি ঘটেছে কয়েকদিন আগেই।
লম্বা সময়ের সম্পর্ক হলেও অনেকদিন ধরেই তাতে সুবাতাসের বদলে অশান্তিই প্রকট হয়ে উঠেছিল। এ জন্য আদালতে বিবাহবিচ্ছেদের মামলাও করেছিলেন তাঁরা। অবশেষে দিনকয়েক আগে আদালতের রায় অনুযায়ীই তাঁদের সম্পর্কের আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটেছে।
এ বিষয়ে ওম পুরি বলেন, ‘গত সপ্তাহে আদালতের রায় এসেছে। আমাদের বোঝাপড়া আর ঠিকঠাক হচ্ছিল না। অবশ্য মানুষের জীবনে এটা হতেই পারে, কাজেই এখানে অবাক হওয়ার কিছু নেই। আমাদের ছেলে ঈশানের পড়ালেখা এবং ভবিষ্যৎ বিষয়েই কেবল আমি আর নন্দিতা এরপর আলাপ করব।’
অন্যদিকে নন্দিতা বলেন, ‘এখানে কোনো শর্ত চাপিয়ে দেওয়া হয়নি। সবকিছুই শান্তিপূর্ণভাবে ঘটেছে। আমরা এখন থেকে আলাদাভাবেই বসবাস করব। আর আমরা একে অপরের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করে নিয়েছি।’

সামি আল মেহেদী