তারকার মজার তথ্য
ক্লাস ফাঁকি দিয়ে টয়লেটে লুকাতাম : ভাবনা
অভিনয়শিল্পী আশনা হাবিব ভাবনার বন্ধুদের দাবি, পড়াশোনায় ভালো ভাবনা। কিন্তু ভাবনার ধারণা, তিনি পড়াশোনায় মোটেও ভালো নন। ছোটবেলা থেকেই ক্লাস ফাঁকি দেওয়ার ব্যাপারে ওস্তাদ ছিলেন তিনি।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করেছেন ভাবনা। কিন্তু স্কুল-কলেজে ক্লাস করার ব্যাপারে তিনি ছিলেন উদাসীন। ছোটবেলার কথা মনে পড়লে এখন ভাবনার হাসি পায়। সেই গল্প করতেও তিনি বেশ মজা পান।
ক্লাস কীভাবে ফাঁকি দিতেন—জানতে চাইলে এনটিভি অনলাইনকে ভাবনা বলেন, ‘আমাদের স্কুলের পাশে বড় একটা অডিটোরিয়াম ছিল। এখনো সেটা আছে। ক্লাস ফাঁকি দিয়ে প্রথমে আমি অডিটোরিয়ামে যেতাম। এর পর সেখান থেকে খুব সাবধানে পালিয়ে বাসায় ফিরতাম। আমার বন্ধুরাও এভাবে পালাত।’

ভাবনা আরো বলেন, ‘মাঝেমধ্যে ক্লাস ফাঁকি দিয়ে স্কুলের টয়লেটে লুকিয়ে থাকতাম। ক্লাস চলাকালীন কমনরুমে বন্ধুদের সঙ্গে গল্প করেও সময় কাটিয়েছি অনেক। এ জন্য টিচারদের বকাও শুনেছি। তবুও ক্লাস ফাঁকি দিতাম আমি। আর এখন বিশ্ববিদ্যালয়ে ক্লাস খুব মনোযোগ দিয়ে করি।’
বর্তমানে ভাবনা রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সেমিস্টারে পড়ছেন।

নাইস নূর