বলিউডি তারকাদের বিচিত্র বাতিক!
বলিউড এক বৈচিত্র্যে ভরা দুনিয়া। তারকাদের বৈচিত্র্যময় জীবন সাধারণ মানুষকে বারবার অবাক করেছে। এবারে বলিউডি সেলেবদের শখ কিংবা বাতিকের কথা শুনলেও বোধ হয় আরো অবাক হওয়ার পালা। বলিউডি নায়ক-নায়িকাদের রয়েছে নানা ধরনের বাতিক। বিভিন্ন সূত্র মারফত বলিউডি সেলেবদের সেসব রকমারি খামখেয়ালিপনা শখ কিংবা তাঁদের বদ্ধমূল ধারণা কিংবা বাতিক যেটাই বলুন না কেন, সেসব নিয়ে এ প্রতিবেদন।
সালমান খান
বলিউডের এই জনপ্রিয় অভিনেতার অন্যতম শখ হলো নাকি পারফিউম ও হারবাল সাবান সংগ্রহ করা। সালমান নাকি বিভিন্ন জায়গা থেকে হরেক রকমের সাবান সংগ্রহ করে থাকেন। শোনা যায়, এই অভিনেতার বাথরুমে নাকি নিদেনপক্ষে ১০ রকমের সাবান থাকে। এ ছাড়া সালমানের পারফিউমের কালেকশনও নাকি দেখার মতো।
শাহরুখ খান
কিং খানের নাকি ভিডিও গেমসের দিকেই ঝোঁক। শাহরুখ-ঘনিষ্ঠরা বলেন, বাজারে নতুন কোনো ভিডিও গেম লঞ্চ হয়েছে—জানতে পারলেই নাকি শাহরুখ সঙ্গে সঙ্গে তা কিনে নিয়ে আসেন। শাহরুখের বাড়ি ‘মান্নাত’-এ নাকি ভিডিও গেম খেলার জন্যই একটি বিশেষ জায়গা রয়েছে।
বিদ্যা বালান
বলিউডের এই অভিনেত্রীর দুর্বলতা শাড়ির প্রতি, তা-ও নাকি হ্যান্ডলুম শাড়ি। বিদ্যার ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যায়, বিদ্যা বালানের সংগ্রহে নাকি আটশর বেশি হ্যান্ডলুমের শাড়ি রয়েছে। এই অভিনেত্রী যেখানেই যান, সেখান থেকে নাকি তিনি বিভিন্ন হ্যান্ডলুমের শাড়ি কেনেন।
প্রীতি জিনতা
নিজের বাথরুম পরিষ্কার করার বাতিক রয়েছে নাকি এই অভিনেত্রীর! শোনা যায়, দিনে নাকি বেশ কয়েকবার নিজের বাথরুম পরিষ্কার করেন তিনি। এ ছাড়া বাড়ির বাইরে গেলেও হোটেলে নিজের বাথরুম নিজে পরিষ্কার করেন প্রীতি।
সানি লিওন
সানি লিওনের নাকি পা নিয়ে বেশ বাতিক। সেটা পরিচ্ছন্নতার সাপেক্ষে। সময় পেলেই নাকি নিজের পা পরিষ্কার করেন বারবার।
বিপাশা বসু
হাতঘড়ির শখ এই অভিনেত্রীর। বিপাশার ঘনিষ্ঠ মহলের প্রত্যেকেই জানেন, তাঁর এই হাতঘড়ি-প্রেমের কথা। যে কারণে উপহার হিসেবে সবাই নাকি বিপাশাকে হাতঘড়ি দেওয়ার চেষ্টা করে থাকেন। জানা যায়, বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের হাতঘড়ি রয়েছে এই অভিনেত্রীর সংগ্রহে।
কারিনা কাপুর খান
এই অভিনেত্রীর বাতিক হরেক রকমের জুতা সংগ্রহ করা! পৃথিবীর যেকোনো ব্র্যান্ডের জুতাই নাকি তাঁর সংগ্রহে রয়েছে!
সোনম কাপুর
পোশাক কেনার শখ নাকি মারাত্মক এই অভিনেত্রীর। যেখানেই যান, ভাবনা-চিন্তা না করেই সোনম নাকি বিভিন্ন ড্রেস কিনে ফেলেন। বিভিন্ন নামী ব্র্যান্ডের ড্রেস পাওয়া যাবে তাঁর আলমারিতে।
আমিশা প্যাটেল
ভয়ংকর রকমের ব্যাগ সংগ্রহ করার বাতিক রয়েছে এই অভিনেত্রীর। শোনা যায়, ২০০টির বেশি ব্যাগ নাকি সংগ্রহে রয়েছে তাঁর।
প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়ারও নাকি জুতা সংগ্রহ করার বাতিক রয়েছে বলে জানা যায়। ১৫০ জোড়ার বেশি জুতা রয়েছে তাঁর সংগ্রহে।

মনোজ বসু, কলকাতা