অস্কার আয়োজন উপস্থাপনা করবেন প্রিয়াঙ্কা চোপড়া
বলিউড ছাড়িয়ে হলিউডের টিকেট পেয়েছেন বেশ আগেই। নায়িকা থেকে গায়িকাও হয়েছেন। এ বছরের স্ক্রিন অ্যাক্টর গিল্ড (এসএজি) অ্যাওয়ার্ডে উপস্থাপনার কাজও করেছেন, সেখানে পুরস্কারও জিতেছেন।
আর এই সব মিলিয়েই মনে হয় এবারের ৮৮তম অস্কার আয়োজন উপস্থাপনার দায়িত্বটাও পড়ল তাঁর কাধে। তিনি বলিউডের ‘পিসি’ প্রিয়াঙ্কা চোপড়া।
এ বছরের অস্কার আয়োজনের সহ-উপস্থাপক হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রিয়াঙ্কা চোপড়ার নাম ঘোষণা করা হয়েছে আজ। এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এবং ইন্ডিয়ান এক্সপ্রেস।
গত বছর, মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ তে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন প্রিয়াঙ্কা। জনপ্রিয় এই টিভি সিরিজের দ্বিতীয় সিজনের কাজ করছেন এখন তিনি।

এবার অস্কার উপস্থাপনার মূল দায়িত্ব থাকছে কমেডিয়ান ও অভিনেতা ক্রিস রকের কাঁধে। তার সঙ্গে সহ-উপস্থাপক হিসেবে আরো ১৩ জনের নাম ঘোষণা করা হয়েছে।
এদের মধ্যে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, কুইন্সি জোন্স, রিজ উইদারস্পুন, স্টিভ ক্যারেল, জেকে সিমোন্স এবং জেরাড লেটো। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের টুইটার অ্যাকাউন্ট থেকে সহ-উপস্থাপকদের নাম ঘোষণা করা হয়েছে।
স্বাভাবিকভাবেই অস্কার অনুষ্ঠান উপস্থাপনের সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা চোপড়া। নিজের টুইটারে অ্যাকাউন্টে টুইট করেছেন তিনি, ‘অ্যাকাডেমি পুরস্কারের জন্য অপেক্ষায় আছি। দারুণ একটা রাত হবে।’
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের অফিশিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি হলিউডের ডলবি থিয়েটার হলে অনুষ্ঠিত হবে ৮৮তম অস্কার আয়োজনের মূল অনুষ্ঠান। এই আয়োজন সরাসরি সম্প্রচার করবে এবিসি টেলিভিশন নেটওয়ার্ক।

ফাহিম ইবনে সারওয়ার