ঋতুপর্ণার সঙ্গে অভিনয় করবেন সৃজিত
মূলত তিনি পরিচালক। তবে টুকটাক অভিনয়ও করে থাকেন। সৃজিত মুখার্জি এবার জুটি বাঁধছেন ঋতুপর্ণা সেনগুপ্তার সঙ্গে। আর ছবিটি পরিচালনা করবেন অভিনেত্রী ও পরিচালক চূর্ণী গাঙ্গুলি। এ খবর জানিয়েছে ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া।
নতুন এই ছবি সম্পর্কে টাইমস অব ইন্ডিয়াকে ঋতুপর্ণা বলেন, ‘সৃজিত ও আবির দুজনেই থাকছে ছবিতে। ওদের সঙ্গে কাজ করাটা অনেকটা রাজকাহিনী টিমের একটা ছোটখাটো পুনর্মিলনী হবে বলা যায়। সৃজিতের সঙ্গে অভিনয় করতে আমি খুবই আগ্রহী। পরিচালক হিসেবে ওর দক্ষতা তো জানাই আছে, অভিনেতা হিসেবেও ও দুর্দান্ত।’
ছবিটিতে নিজের চরিত্র সম্পর্কে তিনি বলেন, ছবিটিতে একজন নারীর জীবনের টানাপড়েন দেখানো হবে। নিজের জীবনের বিভিন্ন সংকট তিনি কীভাবে কাটিয়ে ওঠেন সেটাই ছবিতে দেখতে পাবেন দর্শকরা।
আর সৃজিত অভিনয় করবেন মধ্যবয়সী একজন বিদগ্ধ মানুষের চরিত্রে। সৃজিত নাকি ব্যক্তিজীবনেও এ রকমই। দুজন মানুষের বিচ্ছেদের পর তাদের সম্পর্ক এবং ব্যক্তিগত ও সামাজিক জীবনে এর প্রভাব তুলে ধরা হয়েছে ছবিটিতে।
ছবিতে ঋতুপর্ণাই সবচেয়ে অভিজ্ঞ অভিনেত্রী। তিনি কি আবির বা সৃজিতকে অভিনয়ের কোনো টিপস দিয়ে সাহায্য করবেন?- এমন প্রশ্ন করা হলে হেসেই উড়িয়ে দেন তিনি। বলেন, ‘প্রশ্নই ওঠে না। ওদের অভিনয় শেখাব আমি? বরং ওদের কাছ থেকেই অনেক কিছু শেখার আছে আমার।’
আগামী মার্চ থেকে ছবিটির শুটিং শুরু হবে।

ফাহিম ইবনে সারওয়ার