ক্লাবে নাচলেন কৃতি, টের পেল না কেউ!
‘দিলওয়ালে’ নিয়ে অনেকেরই অনেক সমালোচনা। ছবি কিন্তু হিট। কাজল-শাহরুখের প্রত্যাবর্তনে বরুণ-কৃতি জুটি অনেকটা চাপা পড়বে, সেটাই ছিল স্বাভাবিক। তবে নিজের দায়িত্ব কৃতি ভোলেননি। ঠিকঠাক পারফর্ম করে গেছেন। আর চোখ-কান দারুণ খোলা তাঁর। দিনকয়েক আগে একটি উন্মুক্ত ক্লাবে ইচ্ছামতো নাচ-গান করেছেন, আবার কেউ টেরই পায়নি।
এটা কি সম্ভব নাকি? এমন তো নয় যে কৃতি এতটাই নতুন যে তাঁকে কেউ চিনতে পারবেন না! এ সময়ে বলিউডে যে কজনকে আগামী দিনের সম্ভাবনাময় নায়িকা হিসেবে ধরা হচ্ছে, তাদের মধ্যে অন্যতম তিনি। তাহলে ঘটনা কী? বিস্তারিত এনডিটিভির খবরে জানা গেছে, ছবি শেয়ার করে কৃতি নিজেও জানিয়েছেন রহস্যের সমাধান!
বোন আর বন্ধু-বান্ধবদের নিয়ে দিল্লির রীতিমতো এক হৈ-হুল্লোড়ে ভরা ক্লাবে গিয়েছিলেন কৃতি। সেখানে অজস্র মানুষ, ধুমধাম বাজছে গান। একসময় শুরু হলো তাঁরই গান, ‘দিলওয়ালে’ ছবি ‘মন মা ইমোশশান জাগে’! আর কী লাগে, কৃতি শুরু করলেন ইচ্ছামতো নাচ। তবে কৃতির চোখে আঁটা ছিল ছোট্ট একটা মুখোশ। ‘কৃষ’ ছবিতে হৃতিক রোশন যেমন মুখোশ ব্যবহার করেন, ঠিক তেমনটাই। কাজেই নিজের গানে নিজে নেচেছেন কৃতি, তবে তাঁকে চেনার ‘সৌভাগ্য’ হয়নি কারো। পরে কৃতি ইনস্টাগ্রামে ছবি আর ভিডিও আপলোড করে দিয়েছেন।
বোঝাই যায়, ‘দিলওয়ালে’ সাফল্য আত্মবিশ্বাসের তুঙ্গে নিয়ে গেছে তাঁকে। এমন আত্মবিশ্বাস থাকলে আগামী দিনের বলিউডের সেরা একজন হতে হয়তো বেগ পেতে হবে না কৃতির!

সামি আল মেহেদী