‘কোলাভেরি ডি’র নতুন রেকর্ড
‘হোয়াই দিস কোলাভেরি কোলাভেরি কোলাভেরি ডি’—কে না শোনেননি এই গান। অভিনেতা পরিচয় থেকে রাতারাতি গায়ক তো বটেই, রীতিমতো বিখ্যাত গায়ক হয়ে উঠেছিলেন তামিল অভিনেতা ধানুশ। ভার্চুয়াল জগতে তুমুল জনপ্রিয়তা অর্জন করা এই গান কয়েক দিন আগে ইউটিউবে ১০ কোটি ভিউ পেরিয়েছে, যা এক নতুন রেকর্ড।
২০১১ সালের নভেম্বরে ইউটিউবে মুক্তি পেয়েছিল গানটি। ব্যানার ছিল সনি মিউজিক। মুক্তির পরপরই গানটি প্রচণ্ড রকম ভাইরাল হয়ে পড়ে ইন্টারনেটে। গেল সপ্তাহের বুধবারে ১০ কোটি ভিউ পার করল গানটি।
এই গানটির কথাও লিখেছিলেন ধানুশ নিজে। কম্পোজ করেছিলেন ১৮ বছরের এক তরুণ অনিরুদ্ধ রবিচন্দর। ভিন্ন ধাঁচের গায়কী আর মজাদার ভঙ্গিমায় গানটি গেয়েছিলেন ধানুশ। পরে এই গান ধানুশের অভিনীত ছবি ‘থ্রি’তে যুক্ত হয়। ছবিটি পরিচালনা করেছিলেন ধানুশের স্ত্রী ঐশ্বরিয়া। ছবিটিতে ধানুশের বিপরীতে অভিনয় করেছিলেন শ্রুতি হাসান।
‘কোলাভেরি’ একটি বহুল প্রচলিত এবং চালু তামিল গালি। এটি সাধারণত কোনো আড্ডায় বাচাল স্বভাবের কাউকে চুপ করানোর জন্য বেশি ব্যবহার করা হয়!

সামি আল মেহেদী