বিয়ে বাড়িতে নাচলেন শাহরুখ
ভারতের বাণিজ্য, তথ্য ও প্রচারবিষয়কমন্ত্রী অরুণ জেটলির কন্যা সোনালির বিয়ের অনুষ্ঠানে দারুণ এক চমক দিয়েছেন বলিউড কিং শাহরুখ খান। এরচেয়ে বড় উপহার আর কী-ই বা হতে পারত সোনালির জন্য? অরুণ জেটলির বাসভবনের দারুণ এক নাচে সবাইকে মুগ্ধ করেছেন শাহরুখ, জানা গেল ইন্ডিয়া টাইমসের খবরে।
সোনালির বরের নাম যৈশ বকশি। তিনি একইসাথে একজন আইনজীবী ও ব্যবসায়ী।
সোনালির বিয়ের সঙ্গীত অনুষ্ঠানেই নেচেছেন শাহরুখ। আর এই নাচে শাহরুখের সঙ্গী ছিলেন স্বয়ং সোনালি! এ ছাড়া অনুষ্ঠানে এসেছিলেন সুনীল শেঠি, পুনম ধীলোঁর মতো বলিউড সেলিব্রেটিরা। গানের চমকে সবাইকে মুগ্ধ করেছেন মিকা সিং। মিকার গানের তালে নাকি উপস্থিত পণ্ডিত শিবকুমার শর্মাও একটু না নেচে পারেননি!
নাচগান করে চট করে চলে যাননি শাহরুখ, লম্বা সময় কাটিয়েছেন সেখানে। কথা বলেছেন ভালোবাসা নিয়ে, নব দম্পতিকে জানিয়েছেন শুভেচ্ছা ও আশীর্বাদ। তাঁর সাথে ছিলেন কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক গৌতম গম্ভীরও।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত গীতিকার জাভেদ আখতার ও প্রসুন জোশি, গায়ক শংকর মহদেবন, হরিহরণ, অনুপ জালোটা এবং কবিতা কৃষ্ণমূর্তি ও তাঁর স্বামী এল সুব্রামনিয়ম।
বিয়ের সঙ্গীত অনুষ্ঠানের চেয়ে মূল অনুষ্ঠানে অবশ্য আরো বেশি তারকার উপস্থিতি থাকবে। থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় ক্রিকেট দল এবং সফররত দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলেরও আসার কথা রয়েছে অনুষ্ঠানে। বলিউড থেকে অমিতাভ বচ্চন, সালমান খানের মতো তারকারাও আসবেন ঝলকানি বাড়াতে।

সামি আল মেহেদী