বলিউডের সেরা ১০ আইটেম কন্যা
ছবিতে তাঁদের প্রয়োজনীয়তা কাহিনীর সঙ্গে তেমন একটা জড়িত নয়। দর্শককে নিছক বিনোদন দেওয়ার জন্যই তাদের উপস্থিতি। অনেকটা ‘দ্য ডার্টি পিকচার’ ছবিতে সিল্করূপী বিদ্যা বালানের সেই জনপ্রিয় সংলাপের মতো ‘এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট’! বলিউডের আদিযুগ থেকে আইটেমকন্যার সংজ্ঞা ও ভূমিকায় অনেক ধরনের পরিবর্তন এসেছে, তবে তাঁদের উপস্থিতি দিন দিন আরো যেন অপরিহার্য হয়ে গেছে। অনেক গুরুগম্ভীর ছবিতেও প্রায়ই আইটেম গান থাকে আজকাল। বলিউডের জনপ্রিয় ১০ জন আইটেমকন্যার গল্প পাওয়া গেল ওয়ান্ডারলিস্ট ওয়েবসাইটে।
১. ইয়ানা গুপ্ত
চেক প্রজাতন্ত্রের এই সুন্দরী বলিউডে রীতিমতো আবেদনের আগুন জ্বালিয়ে দিয়েছিলেন ‘বাবুজি জারা ধীরে চলো’ গান দিয়ে। কেবল আবেদনেই নয়, পারফরম্যান্সেও দারুণ প্রশংসা পেয়েছিলেন তিনি। এরপর ‘ওহ্, হোয়াট আ বেব!’ এবং ‘লায়লা লায়লা লায়লা’ গানেও প্রশংসা পান তিনি। ল্যাকমে, নিভিয়া, লিমকার বিজ্ঞাপনেও কাজ করেছেন ইয়ানা।
২. মুমাইথ খান
মুম্বাইয়ের মুমাইথের কিন্তু জন্ম পাকিস্তানে। আইটেম গানে মুমাইথ মানেই অসামান্য প্রাণশক্তি। ‘মুন্নাভাই এমবিবিএস’ ছবির সুপারহিট আইটেম নাম্বার ‘মরনে সে পেহলে জিনা সিখলে’ দিয়ে জনপ্রিয়তা পান তিনি। এরপর ‘হালচাল’ ছবির ‘লুট গ্যয়ে’ গানটিও বেশ হিট হয়েছিল। সবশেষ আলোড়ন তুলেছেন ‘রাউড়ি রাঠোর’ ছবির ‘প্রীতম পেয়ারে’ গানটি দিয়ে।
৩. গওহর খান
কেবল আইটেম গার্ল হিসেবেই নয়, ইন্ডাস্ট্রিতে গওহর খানের কর্মপরিধি বহুমাত্রিক। ‘আন-মেন অ্যাট ওয়ার্ক’ ছবিতে ‘নাশা নাশা’ আইটেম নাম্বারে প্রথম পারফর্ম করেছিলেন তিনি। এরপর ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই’ ছবিতে ‘পর্দা পর্দা’ গানে পুরো বাজিমাত করে দেন গওহর। ‘ইশাকজাদে’ ছবিতেও দুটি গানে দেখা যায় গওহরকে।
৪. মল্লিকা শেরওয়াত
আবেদনময়ী অভিনেত্রী হিসেবে একসময়ে তিনি বলিউডে একক নাম হয়ে উঠেছিলেন। আইটেম গানেও তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। ‘গুরু’ ছবির ‘মাইয়া মাইয়া’ গানটি তো রীতিমতো কাল্ট পর্যায়ে নিয়ে গেছেন মল্লিকা।
৫. রাখি সাওয়ান্ত
বহু বিতর্কের জন্ম দেওয়া এই তারকা আইটেম গান দিয়েই পেয়েছিলেন মিডিয়ার মনোযোগ। ‘ক্রেজি ফোর’ ছবি ‘দেখতা হ্যায় তু ক্যায়া’ বা রিমিক্স গান ‘পরদেসিয়া ইয়েহ সাচ হ্যায় পিয়া’র রাখিকে অনেকদিনই মনে রাখবেন বিনোদনপিপাসু দর্শক!
৬. কারিনা কাপুর খান
অভিনেত্রী হিসেবে যেমন এক নম্বর, তেমনি আইটেম গানেও সেরা ‘বেবো’। কয়েকদিন আগে ‘ব্রাদার্স’ ছবির ‘মেরা নাম মেরি’ আইটেম গানে দেখিয়ে দিয়েছেন আবেদনের ধার একটুও কমেনি, আরো বেড়েছে তাঁর! ‘ফেভিকল সে’, ‘হালকাত জওয়ানি’, ‘ছম্মক ছাল্লো’- কারিনার আইটেম নাম্বার মানেই সুপার ডুপার হিট।
৭. বিন্দু
তিনি ছিলেন বলিউডের প্রথম বিবাহিত আইটেম গার্ল! মাত্র ১৩ বছর বয়সে সিনেমায় নাম লিখিয়েছিলেন। বিয়ের পরেও স্বামীয় সমর্থন ও সহযোগিতার কারণে কালজয়ী সব আইটেম গানে জড়িয়ে আছে তাঁর নাম। ‘দিল জালো কা দিল জ্বলা কে’, ‘মেরা নাম শবনম’, ‘ম্যায় হুঁ হাসিঁ’ তাঁর ক্যারিয়ারের সেরা গান।
৮. সানি লিওন
নিজের ছবিতে আইটেম গার্ল হিসেবে নিজেই থাকেন সানি লিওন। অবশ্য, তাঁর ছবিতে আলাদা আইটেম গানের কথা বাদই থাকুক, প্রায় সব গানই তো আইটেম গানের আবেদন ছড়ায়। ‘বেবি ডল মে সোনে দি’ আইটেম নাম্বারটি দিয়ে তিনি বলিউডের আইটেম গানের নতুন আকর্ষণ হয়ে উঠেছেন।
৯. মালাইকা অরোরা খান
‘চল ছাঁইয়া ছাঁইয়া’ গানটি তো কখনোই ভোলার নয় দর্শকের। কিংবা ‘মুন্নি বদনাম হুয়ি ডার্লিং তেরে লিয়ে’। মালাইকা অরোরা খান আইটেম গানকে নিয়ে গেছেন একটি বিশেষ অবস্থানে, এটি স্বীকার করতেই হবে। নিঃসন্দেহে তাঁকে আধুনিক বলিউডের শ্রেষ্ঠ আইটেম গার্ল বলা যায়।
১০. হেলেন
বলিউডের সর্বকালের শ্রেষ্ঠতম আইটেম গার্লের খেতাবটি এই কালজয়ী তারকার ভাগেই পড়েছে। দিন যতই যাক, ‘শোলে’ ছবির ‘মেহবুবা মেহবুবা’র আবেদন তো আর কখনোই কমবে না!

সামি আল মেহেদী