‘তামাশা’র উড়ন্ত সূচনা
কর্সিকায় যা ঘটবে, কর্সিকাতেই রয়ে যাবে। এমনই শর্ত জুড়ে ফরাসি দ্বীপ কর্সিকায় দেখা হলো ছুটি কাটাতে আসা দুই তরুণ-তরুণীর। এ সময়ে তারা প্রতিজ্ঞা করল, নিজেদের ব্যাপারে একে অন্যকে মিথ্যা ছাড়া সত্যি কোনো কথাই বলবে না! এই মিথ্যা থেকে প্রেম, তার পরে ছুটি শেষে নেমে আসা বিচ্ছেদ-গল্পর মোড় ঘুরে এমনই হলো। কিন্তু এখানেই কি গল্পের শেষ? জানতে হলে দেখতে হবে ইমতিয়াজ আলির ছবি ‘তামাশা’। এ বছরের বহুল প্রতীক্ষিত এই ছবি মুক্তির দুদিনের মধ্যেই ডমেস্টিক মার্কেটে ২৪ কোটি রুপি আয় করেছে বলে জানা গেল এনডিটিভির খবরে।
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের টুইটে জানা গেল, প্রথম দিনেই ছবিটি ১০ কোটি রুপির মতো আয় করেছে। পরের দিনও ছবিটির আয় বেড়েছে। এ ছাড়া ভারতের বাইরেও ‘তামাশা’র বাজার জমজমাট বলতে হয়! দুই দিনে মোট আয় হয়েছে প্রায় ১১ কোটি রুপি।
ইমতিয়াজ আলির ডিরেক্টরিয়াল সিগনেচারে প্রকৃতি আর তার সঙ্গে চরিত্রের একাত্মবোধ সব সময়েই দেখা যায়। বলা যায়, ‘জাব উই মেট’ ছবির কথা। তেমনিভাবে রণবীর-দীপিকা জুটির কামব্যাক মুভি ‘তামাশা’তেও রয়েছে মনোমুগ্ধকর কর্সিকার রূপ, আর তার সঙ্গে ব্যস্ততা ও বাস্তবতা থেকে খানিক সময়ের জন্য পালানো দুই তরুণ-তরুণীর উচ্ছ্বাসের গল্প।
‘তামাশা’ নিয়ে এখন জোরদার প্রচার চালিয়েছেন ছবির কলাকুশলীরা। ইউটিভি মোশন পিকচার্সের ব্যানারে নির্মিত এই ছবির ওপর রণবীর কাপুরের ক্যারিয়ারের অনেক কিছু নির্ভর করছে বললে ভুল হয় না। ‘বেশরম’, ‘রয়’-এর পর ‘বম্বে ভেলভেট’-এর দুঃস্বপ্নতুল্য ব্যর্থতা কাটিয়ে উঠতে একটি ব্যবসাসফল ছবি যে একটু বেশিই দরকার রণবীরের!
এই ছবি আবার পরিচালক ও কলাকুশলীদের একটি রি-ইউনিয়নও বটে! ইমতিয়াজ রণবীরকে নিয়ে বানিয়েছিলেন ‘রকস্টার’, দীপিকাকে নিয়ে ‘লাভ আজকাল’। অন্যদিকে ‘বাঁচনা অ্যায় হাসিনো’ এবং ২০১৩ সালের ব্লকবাস্টার হিট ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র পর আবারো অনস্ক্রিনে এক হলেন রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন। ছবিটি প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা।

সামি আল মেহেদী