ইন্দ্রানী যখন ‘গোয়েন্দা গিন্নি’
ভারতের ‘জি বাংলা’ টিভিতে তিনি ‘গোয়েন্দা গিন্নি’। এক কথায় এখন ফেবারিট ধারাবাহিক ‘গোয়েন্দা গিন্নি’। প্রতি সপ্তাহেই গোয়েন্দা গিন্নি একটা না একটা কেসের সমাধান করে ফেলছেন অনায়াসেই। আর এই হাসিখুশি গোয়েন্দা গিন্নি আর কেউ নন, তিনি হলেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার। সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁর এই গোয়েন্দাগিরি নিয়ে জম্পেশ আড্ডা দিলেন তিনি। ‘গোয়েন্দা গিন্নি’ নামক ধারাবাহিকে পরমা চরিত্রে অভিনয় করে নাকি তিনি সাংঘাতিক রকম দর্শকদের ভালোবাসা পাচ্ছেন! জানালেন, “এই ধারাবাহিকে অভিনয় করে আমি সবচেয়ে বেশি সাড়া পাচ্ছি পুরুষদের কাছ থেকে। যারা সাধারণত টিভি ধারাবাহিক খুব বেশি দেখেন না। মূলত টিভিতে ধারাবাহিকের দর্শক বলতে গেলে, বরাবরই মহিলাদের দিকে পাল্লা ভারী থাকে। সেখানে আমার ‘গোয়েন্দা গিন্নি’ এখন মহিলাদের পাশাপাশি প্রচুর পুরুষরাও দেখছেন। তা ছাড়া শহরের পাশাপাশি গ্রামগঞ্জেও আজ জনপ্রিয়তা পেয়েছে গোয়েন্দা গিন্নি।”
তবে গোয়েন্দা গিন্নি করতে করতে এখন আবার নাকি ‘গোয়েন্দা আংটি’ও হয়ে গিয়েছেন তিনি! ইন্দ্রানী এখন শপিং মল, রাস্তাঘাটে যেখানেই যাচ্ছেন, সেখানেই নাকি ছোট ছোট ছেলেমেয়েরা তাঁকে দেখতে পেলেই সঙ্গে সঙ্গে ‘গোয়েন্দা আংটি’ (আন্টি) বলে আলাপ করতে এগিয়ে আসছে! বললেন, ছোট ছোট ছেলেমেয়েদের কাছেও আজ জনপ্রিয় হয়ে উঠেছে গোয়েন্দা গিন্নি। ঝকঝকে এই কাহিনীতে চিত্রনাট্য যাই লেখা থাকুক, আসলে চরিত্রটাকে ফুটিয়ে তুলতে নিজের ভাবনা কাজে লাগিয়ে যথেষ্ট পরিশ্রম করে চলেছেন ইন্দ্রানী। জানালেন, ‘এই ধরনের পারিবারিক একটি সিরিয়ালে অভিনয় করতে পেরে আমার বেশ ভালো লাগছে।’
তবে টিভির পর্দায় গোয়েন্দা গিন্নি করতে করতে এখন নাকি ব্যক্তি জীবনেও একটু একটু করে গোয়েন্দা হয়ে যাচ্ছেন ইন্দ্রানী! বললেন, ‘প্রথম থেকেই অনেকে আমাকে বলতেন, আমার চেহারার মধ্যে নাকি একটা বুদ্ধিমত্তার ছাপ রয়েছে। আর আমি নিজেও বুদ্ধিটাকে আমার জীবনের প্রতিটি মুহূর্তেই ব্যবহার করতে চাই। কাজেই, অনেক আগে থেকেই ব্যক্তিগত জীবনে আমি গোয়েন্দাগিরি করে আসছি। আর এই তো সেদিন, আমার এক বন্ধু একটা সমস্যা নিয়ে আমার পরামর্শ চাইল। তো আমি সব শুনেটুনে বললাম, দেখ, যদি ব্যাপারটা ঘটে গিয়ে থাকে তাহলে তুই ঘটনাগুলোর ওপর একটু নজর রাখ। ব্যস, এটুকু শুনেই তো বন্ধুটি বলে দিল, বাহ! বেশ গোয়েন্দার মতো বললি তো কথাটা! এরপরেই হেসে ফেললেন ইন্দ্রানী।’
আজ বেশ কয়েক বছর হলো মুম্বাই ছেড়ে কলকাতায় চলে এসেছেন। আর মুম্বাইতে ফিরতে চাননা ইন্দ্রানী। বললেন, ‘কলকাতায় চলে এসেছি। অন্তত আমার আর ইচ্ছে নেই মুম্বাই ফিরে যাওয়ার। এখন কলকাতাতেই কাজ করতে চাই। তবে আপাতত মুম্বাইতে যাওয়ার ইচ্ছা না থাকলেও ভাগ্য কখন কাকে কোথায় নিয়ে যাবে তার গ্যারান্টি অবশ্য কেউ দিতে পারে না। এখন আপাতত ‘গোয়েন্দা গিন্নি’ ছাড়া আর কিছু ভাবছি না।’ কিন্তু তাই বলে একসময় জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ইন্দ্রানী যে আর বড় পর্দায় কাজ করতে চান না এমনটা নয়। জানালেন, গোয়েন্দা গিন্নি করতে করতেই ছবির কাজ পেলে নিশ্চয়ই করব। আস্তে আস্তে ছবি নিয়ে নানা রকম যোগাযোগও হচ্ছে। তবে ছবি করার ক্ষেত্রে বেছে বেছে ছবি করতে চান ইন্দ্রানী। বললেন, কিছুদিন আগেই এক নতুন পরিচালক আমার কাছে ছবির প্রস্তাব নিয়ে এসেছিলেন। কিন্তু চিত্রনাট্য পছন্দ হয়নি। আসলে এখন ভালো চিত্রনাট্য, ঠিকঠাক চরিত্র না পেলে আর অভিনয় করব না। এই ব্যাপারেও কিন্তু এখন আমার গোয়েন্দার দৃষ্টি। বলেই ফের মিষ্টি করে হেসে ফেললেন ইন্দ্রানী।

মনোজ বসু, কলকাতা