আজ ‘প্রেম রতন ধান পায়ো’
সালমান খান অভিনীত চরিত্রগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় চরিত্র ‘প্রেম’। ‘হাম আপকে হ্যায় কৌন’ ছবিতে প্রেম চরিত্রে অভিনয় করে তরুণীদের হৃদয় জয় করেছিলেন সালমান। প্রেম হয়ে আবারো ফিরলেন তিনি ‘প্রেম রতন ধান পায়ো’ ছবির মাধ্যমে। সুরজ বরজাতিয়ার এই বহুল প্রতীক্ষিত ছবিটি আজ মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। ঈদ স্পেশাল ‘বজরঙ্গি ভাইজান’-এর পর দর্শকের জন্য এটি সালমানের দিওয়ালি স্পেশাল উপহার। এই ছবিতে তাঁর সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সোনম কাপুর।
হিন্দির পাশাপাশি তামিল ও তেলেগু ভাষায়ও মুক্তি পেয়েছে ছবিটি। চলতি মাসের ২৭ তারিখে মুক্তি পাবে ইমতিয়াজ আলী পরিচালিত রণবীর-দীপিকার ‘তামাশা’। দুটি ছবির মধ্যে ভালো প্রতিযোগিতার আভাস দিচ্ছেন বলিউড বিশ্লেষকরা।
‘প্রেম রতন ধান পায়ো’ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন সালমান। একটি যুবরাজের এবং আরেকটি পেশাদার ফাইটারের ভূমিকায়। দুই ভাইয়ের গল্প, তাদের পারস্পরিক বিচ্ছিন্ন অবস্থান এবং কীভাবে তাদের সংযোগ ঘটে, সেটাই ঘটনাক্রমে দেখানো হবে এই ছবিতে। সুরজ বরজাতিয়া সব সময়েই বিশাল আয়োজনে পারিবারিক ছবি বানান, এবারেও তার ব্যতিক্রম ঘটেনি; বরং আয়োজনের জৌলুস যে আরো বিশাল বেড়েছে, তা দেখলেই বুঝতে পারবেন দর্শক।
‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবিতে প্রথমবারের মতো সুরজের সঙ্গে কাজ করেন সালমান। এর পর ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবিতেই শেষ একসঙ্গে তাঁদের কাজ, সেই ১৯৯৯ সালের কথা। ১৬ বছর পর এই পরিচালক-নায়কের প্রোজেক্ট থেকে বিশাল মুনাফা আশা করছে বলিউড বক্স অফিস।

সামি আল মেহেদী