কাজল-শাহরুখের ‘দিলওয়ালে’র ট্রেলার দেখেছেন?
এ বছরে মনে হয় না কোনো ট্রেলারের জন্য মানুষ এতটা অপেক্ষা করেছে। কাজল-শাহরুখ জুটির কামব্যাক মুভি বলে কথা! অপেক্ষার উত্তেজনা চড়ছিল দিন দিন। কারণ, ছবির কাজ চলাকালে কলাকুশলীসহ মোটামুটি সবাই প্রচার চালিয়েছেন জবরদস্ত। অবশেষে মুক্তি পেল সেই বহুল প্রতীক্ষিত ট্রেলার। এনডিটিভির খবরে জানা গেল, ট্রেলারে দারুণ সাড়া মিলেছে দর্শকের। গতকাল মুক্তির পর একদিনেরও কম সময় প্রায় ১৩ লাখবার দেখা হয়েছে ট্রেলারটি।
তবে ছবিটিকে যাঁরা এত দিন কেবলই টিপিক্যাল রোমান্টিক কমেডি মুভি হবে বলে ভেবেছেন, তাঁদের ধারণায় বেশ ধাক্কা দিয়েছেন রোহিত শেঠি। ছবিতে রংচঙে গ্রাফিকস বা আজগুবি দৃশ্যায়ন রয়েছে বটে, তবে অ্যাকশন বা থ্রিলার উপাদানেরও নেহাত কমতি নেই! ট্রেলার দেখে বোঝা যায়, ছবিতে এক অন্ধকার অতীত জীবন ছিল শাহরুখের। সে সময়ই তার প্রেম কাজলের সঙ্গে। তার পর সুদীর্ঘ বিচ্ছেদ। এর ১৫ বছর পর আবারো দেখা। কিন্তু ততদিনে তাদের মধ্যে গড়ে উঠেছে এক অদৃশ্য দেয়াল।
শাহরুখ-কাজলের প্রেম ও দ্বন্দ্ব ছাড়াও অ্যাকশন, রোমান্স, কমেডি আর মাথা ঘুরিয়ে দেওয়ার মতো সব লোকেশনে গানের দৃশ্যায়ন নিয়ে সাজানো হয়েছে তিন মিনিটের এই ট্রেলার। বরুণ ধাওয়ান ও কৃতি সাননের সুরেলা কণ্ঠস্বরও মন কাড়বে সবার, ট্রেলার দেখে ও শুনে এটা বলাই যায়! কাজল-শাহরুখের ম্যাজিক্যাল কামব্যাকের এই ছবি মুক্তি পেলে বক্স অফিস যে কাঁপাবে, সেটা অনুমান করা যাচ্ছে এখনই।
আগামী মাস, অর্থাৎ ডিসেম্বরের ১৮ তারিখে মুক্তি পেতে যাচ্ছে ‘দিলওয়ালে’।
ট্রেইলারটি দেখুন

সামি আল মেহেদী