টুইটারে মোদিকে ছাড়িয়ে শাহরুখ
বলিউডের ‘বাদশাহ’ বলা হয় শাহরুখ খানকে। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে ভারতের ‘বাদশাহ’ বলাই যায়। দুই বাদশাহরই রয়েছে টুইটার অ্যাকাউন্ট। সেখানে তাঁদের সঙ্গে আছে লাখ লাখ ভক্ত। এবার টুইটারে ফলোয়ার সংখ্যায় নরেন্দ্র মোদিকে পেছনে ফেললেন শাহরুখ খান। এ খবর জানিয়েছে এনডিটিভি।
বর্তমানে টুইটারে শাহরুখ খানের ফলোয়ার এক কোটি ৬০ লাখ। আর নরেন্দ্র মোদির ফলোয়ার সংখ্যা এক কোটি ৫০ লাখ ৯০ হাজারের মতো। টুইটারে কয়েক হাজার ফলোয়ার বাড়তি থাকায় এগিয়ে গিয়ে শাহরুখের অবস্থান এখন দ্বিতীয় আর মোদি তৃতীয়। ভারতে সর্বোচ্চসংখ্যক টুইটার ফলোয়ার রয়েছে অমিতাভ বচ্চনের। তাঁর ফলোয়ার সংখ্যা এক কোটি ৭০ লাখ ৬০ হাজারের মতো।
বলিউড এবং ভারতের অন্যান্য মাধ্যমে জনপ্রিয় তারকাদের মধ্যে মাইক্রোব্লগিং সাইট টুইটার ব্যবহারের প্রবণতা বেশি দেখা যায়। ২০১০ সালের ৩ জানুয়ারি '@iamsrk' নামের টুইটার যাত্রা শুরু হয় শাহরুখের। তার পর থেকে নিয়মিত ছবি এবং টুইট করে আসছেন তিনি।
সামনেই মুক্তি পাচ্ছে কিং খানের নতুন ছবি দিলওয়ালে। এই ছবিতে পাঁচ বছর পর বন্ধু কাজলের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।

ফিচার ডেস্ক