মানুষজন ধর্মের নামে উল্টোপাল্টা বলছে : সোনম
সিনেমার আলাপ ছাড়িয়ে বলিউড এখন অনেক বেশি সরগরম ভারতের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে। অনিল কাপুরের মেয়ে সোনমও এ বিষয়ে মুখ খুলেছেন। এনডিটিভির খবরে জানা গেল, সহ-অভিনেতা সালমান খানের পাশে এসে দাঁড়িয়েছেন সোনম। বলিউডের এই স্টাইল আইকনের বক্তব্য, ধর্মীয় বিষয় নিয়ে অনেকেই যেসব কথাবার্তা বলছেন, তা মোটেই গ্রহণযোগ্য নয়।
শাহরুখ খানের সাম্প্রতিক মতামতে সমর্থন দিয়েছেন সালমান। পাকিস্তানি শিল্পীদের অভিনয়ে সুযোগ দেওয়া এবং ধর্মীয় বিষয়ে অসাম্প্রদায়িক মনোভাব প্রকাশ করে তোপের মুখে পড়েছেন শাহরুখ। এ বিষয়ে সালমানের মতামতও শাহরুখের মতো। এ নিয়ে ‘প্রেম রতন ধান পায়ো’র প্রচারণা অনুষ্ঠানে সংবাদকর্মীরা দেদার প্রশ্ন করতে থাকেন ‘ভাই’কে। সে সময়ই মুখ খোলেন সোনম এই বলে, ‘এ প্রশ্নের উত্তর আমিই দিচ্ছি। আমার মনে হয়, এমন প্রশ্নের উত্তর আমার দেওয়াই ভালো।’
“যেকোনো অসহিষ্ণু মনোভাব বা কার্যক্রম কিংবা সঠিক প্রমাণ ছাড়া কোনো কিছু বলা একেবারেই গ্রহণযোগ্য নয়। মানুষজন ধর্মের নামে যা বলছে, তা একেবারেই উল্টোপাল্টা কথা। আমার মনে হয়, আমাদের ‘প্রেম রতন ধান পায়ো’ নিয়েই এখানে কথা বলা উচিত,” এমনটাই বলেছেন সোনম।
সুরজ বরজাতিয়ার নির্মাণে সালমান-সোনম জুটির ‘প্রেম রতন ধান পায়ো’ মুক্তি পেতে যাচ্ছে ১২ নভেম্বর।

সামি আল মেহেদী