সালমান-শাহরুখের ছবি দেখে ভক্তদের টিপ্পনি
দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল দারুণ। মাঝে হঠাৎ করেই লেগে গেল গোলযোগ, মুখ দেখাদেখি বন্ধ শাহরুখ-সালমানের। তবে সেসব সমস্যা পেরিয়ে এখন আবারও বন্ধুত্ব চাঙ্গা হয়েছে ‘কিং’ আর ‘ভাই’-এর। শাহরুখের জন্মদিনে রাতে তাঁর বাড়িতে গিয়ে রীতিমতো সারপ্রাইজ দিয়েছেন সালমান। সে সময় তাঁদের তোলা একটি ছবি দেখে আর যাই হোক, কেউই আর তাঁদের বন্ধুত্ব নিয়ে কথা বলতে পারবেন না। তবে সেটি না হলেও, সামাজিক মাধ্যমে ছবিটি নিয়ে হাসিঠাট্টায় মেতেছেন অনেকেই। টাইমস অব ইন্ডিয়া প্রকাশ করেছে সেসব ঠাট্টা করা টুইটের কয়েকটি। তার মধ্যে অন্যতম স্বয়ং শাহরুখের টুইট।
শাহরুখ ও সালমান একে অন্যকে আলিঙ্গন করে রয়েছেন, এমন ছবি টুইটারে পোস্ট করেন শাহরুখ। সঙ্গে টুইট করেন, ‘ভাই আমাকে জন্মদিনে সুলতানের মুভ শেখাচ্ছে’ (ভাই টিচিং মি দ্য মুভস ফর সুলতান অন মাই বার্থ ডে)। এই ছবি নিয়েই শাহরুখের ‘ভক্ত’রা টুইটারে মেতে ওঠেন হাসিঠাট্টায়।
‘সায়মা’ লিখেছেন, ‘রাখি আজ নিশ্চয়ই খুশি হয়েছেন, আমিও হয়েছি। আমার করন-অর্জুন আবারও ফিরে এসেছে’! (‘করন-অর্জুন’ ছবিটি দেখে থাকলে মজার জায়গাটা ধরতে একদমই সময় লাগার কথা নয় আপনার!)
‘এসআরকে দুনিয়া হ্যায় মেরে’ আমির খানের ক্রন্দনরত ছবি দেখিয়ে লিখেছেন, ‘আমিরের এখন নিশ্চয়ই এমন আবেগাপ্লুত অবস্থা আপনাদের (শাহরুখ- সালমান) ছবি দেখে।’
‘জিআরভি’র টুইটও আমিরকেন্দ্রিক, ‘শাহরুখ ও সালমান মিলে বিশেষভাবে আমিরের ছবি ‘দঙ্গল’-এর প্রচারণা করছেন, এই সেই এক্সক্লুসিভ ছবি!’
‘ঠাকুর সাব’-এর টুইট, ‘এসআরকে অভিনয় দক্ষতা এবং ভাই ড্রাইভিং দক্ষতা ট্রান্সফার করছেন!’
তবে হাসিঠাট্টা যতই হোক, এই দুই তারকার মধ্যে কলহ মিটে যাওয়ায় ভক্তরা দারুণ খুশি। বলিউড ইন্ডাস্ট্রিরও আখেরে লাভই হওয়ার কথা!

সামি আল মেহেদী