অনুরাগের কব্জায় মিসেস শহিদ কাপুর?
একটা সুপার ফ্লপ ছবি অনুরাগ কাশ্যপকে বেশ ভোগাচ্ছে। কোনো নায়ক তাঁর সঙ্গে কাজ করতে চাইছেন না। এই অবস্থায় নিজের পরবর্তী ছবির জন্য শহিদ কাপুরের কাছে যান অনুরাগ। কিন্তু শহিদ তাঁকে ফিরিয়ে দেন।
এবার ক্ষেপে গিয়ে শহিদের স্ত্রী মীরা রাজপুতকে অপহরণ করেন অনুরাগ। মুক্তিপণ হিসেবে দাবি করেন শহিদকে তাঁর ছবিতে অভিনয় করতে হবে। এটা বিক্রমাদিত্য মোটওয়ানের পরবর্তী ছবি ‘একে ভার্সেস এসকে’-এর গল্প।
এই গল্প যে পুরোটা সত্যি, তা হলফ করে বলা যাচ্ছে না। এসবই এখন গুজব। আর এসব গুজব ছাপিয়েছে বলিউড লাইফ ও ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস।
তবে সত্যি যেটা হলো বিক্রমাদিত্যের ‘একে ভার্সেস এসকে’ ছবিতে একে এর ভূমিকায় অভিনয় করবেন অনুরাগ কাশ্যপ। এসকে নিয়ে এতদিন জল্পনা-কল্পনা চললেও এবার নিশ্চিত যে সেখানে শহিদ কাপুরই অভিনয় করবেন। আর এই ছবির মাধ্যমেই শহিদের বউ মীরা রাজপুতও অভিনয়ে অভিষিক্ত হবেন।
তবে ছবির গল্প নিয়ে এখনো মুখ খোলেননি পরিচালক। শুরুটা কমেডি ঘরানার হলেও ছবিটি ডার্ক রিভেঞ্জ ফিল্ম। ছবির মূল নারী চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো ঠিক হয়নি। আগামী বছর মুক্তি পাবে ‘একে ভার্সেস এসকে’।

ফিচার ডেস্ক