ঈদের দ্বিতীয় দিন
এনটিভির বিশেষ আয়োজন
আগামীকাল ঈদুল আজহার দ্বিতীয় দিন, এনটিভি আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার। নাটক, চলচ্চিত্রের পাশাপাশি থাকছে নাচের অনুষ্ঠান।
বাংলা ছায়াছবি ‘ইউ টার্ন’
ঈদুল আজহা উপলক্ষে এনটিভিতে ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ৫ মিনিটে এনটিভিতে বাংলা ছায়াছবি ‘ইউ টার্ন’-এর টেলিভিশন প্রিমিয়ার হবে। আলভী আহমেদের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন শিপন, মৌটুসী, সোনিয়া, আইরিন, আদনান, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ।
অপরাধ জগতের সঙ্গে জড়িত কিছু মানুষ এবং ভয়ানক এক প্রতিশোধের গল্পই এই চলচ্চিত্রের মূল প্রেক্ষাপট। আরিফ হায়দারের বয়স ৫৫। ফিল্ম ইন্ডাস্ট্রির একজন পুরোনো মানুষ। চলচ্চিত্র প্রযোজনা তার ব্ল্যাক মানি হোয়াইট করার মাধ্যম। তার মূল ব্যবসা অবৈধ। দুবাই, সিঙ্গাপুর, ব্যাংককভিত্তিক অবৈধ মানি লন্ডারিং এবং ভিওআইপি বিজনেসে তিনি অঘোষিত সম্রাট। এ ছাড়া তার আছে রাজনৈতিক প্রভাব—বস্তি থেকে শুরু করে ট্রাফিক সিগন্যালের ভিখিরি—সবাই নিয়মিত উপার্জনের একটি ভাতা তাকে দেয়। বিনিময়ে তিনি এসব নিম্ন আয়ের মানুষের জীবনের নিরাপত্তা দেন—প্রশাসনিক জটিলতা থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি তাদের নিরাপত্তা নিশ্চিত করেন। নিম্ন আয়ের এসব মানুষের কাছে আরিফ হায়দারের এক ধরনের রবিনহুড ভাবমূর্তি আছে। তাদের কাছে আরিফ হায়দার এক ধরনের লোকাল গভর্নমেন্ট। তার এক ছেলে রোহান, এক মেয়ে তমা, পালিত পুত্র সেলিম।
বিশেষ টেলিফিল্ম ‘আমার বেলা যে যায়’
ঈদুল আজহা উপলক্ষে এনটিভিতে ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘আমার বেলা যে যায়’। বদরুল আনাম সৌদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আরিফ খান। অভিনয় করেছেন আফজাল হোসেন, সুবর্ণা মুস্তাফা, মাহফুজ আহমেদ, পূর্ণিমা প্রমুখ।
সদ্য অবসর নেওয়া উচ্চপদস্থ কর্মকর্তা হায়দার সাহেব জীবনটা একাই কাটিয়ে দিলেন। একমাত্র আদরের বোন নীরা ভালোবেসে যুবরাজকে বিয়ে করলেও হায়দার সাহেব তাকে একদমই পছন্দ করেন না। যে যুবরাজকে তিনি সহ্যই করতে পারেন না, নীরা সেই যুবরাজকে নিয়ে এক মাসের জন্য তার ফ্ল্যাটে ওঠে। সমস্যা আরো বাড়ে যখন রুনা নামের এক মধ্যবয়সী নারী পাশের ফ্ল্যাটে ওঠেন। ভদ্রমহিলাও বিয়ে করেননি। তাই নীরা আর যুবরাজ মিলে সিদ্ধান্ত নেয়, এবার তারা হায়দার সাহেবকে বিয়ে দিয়েই ছাড়বে। কিন্তু তা কী আর হয়।
বিশেষ অনুষ্ঠান ‘অন্য ভুবনের তারা’
ঈদুল আজহা উপলক্ষে এনটিভিতে ঈদের দ্বিতীয় দিন বিকেল ৫টা ২০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘অন্য ভুবনের তারা’। জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মারিয়া নূর। বিশেষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ড. মুহম্মদ জাফর ইকবাল, বেনজীর আহমেদ এবং ড. কাজী খলীকুজ্জমান আহমেদ। বিশিষ্ট এই ব্যক্তিদের সঙ্গে একই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তাঁদের সহধর্মিণীরাও। বলবেন তাঁদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনসহ নানা অজানা বিষয় নিয়ে।
বিশেষ ধারাবাহিক নাটক ‘নিশ্চিত প্রেমের ৭টি উপায়’
ঈদুল আজহা উপলক্ষে এনটিভিতে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে সাত পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘নিশ্চিত প্রেমের ৭টি উপায়’। শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন অপূর্ব, মম, ইরেশ যাকের, সাজু খাদেম, নাঈম, মৌসুমী হামিদ, সুষমা সরকার, নওশাবা, আনন্দ খালেদ, উজ্জ্বল মাহমুদ প্রমুখ।
এক্স ফ্যাক্টরের মঈন বন্ধু মাফির সঙ্গে কথা বলতে বলতেই ঠিক করে যে বাংলাদেশে প্রথমবারের মতো রোমান্স কনসালট্যান্সি ব্যবসা শুরু করবে সে। যেই ভাবা সেই কাজ। মঈন একটা বিজ্ঞাপন ছেড়ে দেয় ‘নিশ্চিত প্রেমের ৭টি উপায়’। সে ভেবেছিল সাড়া পাবে না। কিন্তু পরের দিনই দুটি ছেলে আর একটি মেয়ে যোগাযোগ করে তার সঙ্গে। নেমে পড়ে তারা সাত দিনের মিশনে।
বিশেষ নাটক ‘তুমি আমাকে বলোনি’
ঈদুল আজহা উপলক্ষে এনটিভিতে ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘তুমি আমাকে বলোনি’। মারুফ রেহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ। অভিনয় করেছেন নোবেল, অপি করিম, মাহফুজ আহমেদ, নাজিরা আহমেদ মৌ প্রমুখ।
সোহেল ও অহনার সদ্য বিয়ে হয়েছে। একে অন্যের কাছে প্রতিজ্ঞা করে যে কেউ কারো কাছে কোনো কথা লুকাবে না। সোহেল জানায়, বিয়ের আগে তার অন্য এক মেয়ের সঙ্গে প্রেম ছিল। কিন্তু এখন সে অহনাকে ছাড়া আর কিছু ভাবে না। এই কথা শুনে অহনা এর পর থেকে সব কাজেই সোহেলকে প্রশ্ন করতে থাকে। একদিন অহনা হঠাৎ করে জানতে পারে, সোহেল সত্যিই তাকে একটি বিষয়ে বলেনি। যে বিষয়টি অহনার চেনা পৃথিবীকে একদমই অচেনা করে দেয়।
বিশেষ নৃত্যানুষ্ঠান ‘রিদম অব জয়’
ঈদুল আজহা উপলক্ষে এনটিভিতে ঈদের দ্বিতীয় দিন রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘রিদম অব জয়’। জোনায়েদ বিন জিয়ার প্রযোজনায় এই অনুষ্ঠানে জনপ্রিয় সব গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন অভিনেত্রী নিপুণ, নাদিয়া, ভাবনা, সুপ্রিয়া ও সাবিলা নূর।
বিশেষ ধারাবাহিক নাটক ‘দুষ্টু ছেলের দল’
ঈদুল আজহা উপলক্ষে এনটিভিতে প্রতিদিন রাত ৯টা ৫৫ মিনিটে প্রচার হবে সাত পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘দুষ্টু প্রেমের গল্প’। আদনান আল রাজীব ও রেদওয়ান রনির যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, বাঁধন, শ্যামল মাওলা, মিথিলা, ইশতিয়াক আহমেদ রুমেল, শাহতাজ, আজমেরী আশা, তৌসিফ মাহবুব, নাদিয়া মীম, সুমন পাটওয়ারী, মনিরা মিঠু প্রমুখ।
দুষ্টুমি ভর করে কয়েকজন দুষ্টু ছেলের মাথায়। তারা প্ল্যান করে এক অভিযানের। তাদের পেছনে লাগে আবার মিষ্টি কয়েকজন মেয়ে। অদ্ভুত মজার সব ঘটনা ঘটতে থাকে একের পর এক।
বিশেষ নাটক: ডিস্ক
ঈদুল আজহা উপলক্ষে এনটিভিতে ঈদের দ্বিতীয় দিন রাত ১১টা ১৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘ডিস্ক’। ফরহাদ আহমেদের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন অপূর্ব, মম, আবদুল কাদের, প্রীতম, সাঞ্জু, ইমন প্রমুখ।
আর দশজনের মতো সাদিয়াও এলিয়েনকে গল্পের বইয়ে আর সিনেমায় দেখে অভ্যস্ত; কিন্তু তার জীবনে কখনো হয়তো মনে হয়নি, এলিয়েনের সঙ্গে তার সাক্ষাৎ হবে কখনো। কিন্তু একদিন হঠাৎ করেই ওলটপালট হয়ে যায় তার স্বাভাবিক জীবন। তাকে বিশ্বাস করতে হবে একজন আগন্তুককে। কারণ সাদিয়াকে নিয়ে যেতে আসছে বহির্বিশ্বের কেউ। অন্যদিকে আরেকজন রহস্যময় মানব খুঁজে বেড়াচ্ছে তাদের আর মিজানকে। কিন্তু কেন? শেষ পর্যন্ত আসলেই কি এলিয়েন আসবে সাদিয়াকে নিতে? ফাহিমের সঙ্গে অফিসার জামানের কী সম্পর্ক? নাকি ফাহিমের অন্য কোনো উদ্দেশ্য আছে?

নাইস নূর