আজ ঈদের ১২ নাটকে সজল
কয়েক বছর ধরে প্রতি ঈদে নিয়মিতভাবেই প্রচার হচ্ছে আবদুন নূর সজল অভিনীত অনেক নাটক। এবার ঈদের দিনেই প্রথম সজল অভিনীত মোট ১২টি নাটক বিটিভিসহ বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে। সজল-ভ্ক্তদের জন্য সুখবর হলো, তাঁরা চাইলে দুপুর, বিকেল, সন্ধ্যা, এমনকি রাতের বেলাও সজলের নাটক দেখতে পাবেন।
মজার ব্যাপার হলো, ‘ঈদের নাটক’ শিরোনামেও একটি নাটকে অভিনয় করছেন তিনি। নুজহাত আলভী আহমেদের পরিচালনায় নাটকটি আজ মাছরাঙা টেলিভিশনে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচারিত হবে। একই পরিচালকের সজলের ‘গ্রিন কার্ড’ নাটকটি প্রচারিত হবে এশিয়ান টিভিতে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে। মোহন খানের ‘মেঘ পাখি একা’, ‘এই শহরে মেয়েরা একা’ নাটকেও দেখা যাবে সজলকে। এ ছাড়া ‘হাই হিল’, ‘রঙ ও রঙ’, ‘পাখি আপা’, ‘কোরবান আলীর কোরবান’, ‘অদৃশ্য মানব’ ও মেহের আফরোজ শাওন পরিচালিত ‘ভালোবাসার গল্প’ নাটকেও অভিনয় করেছেন সজল। যেহেতু ধারাবাহিক নাটকে সজলকে দেখা যায় না, তাই সারা বছর একক নাটক ও বিশেষ দিনের নাটকে অভিনয় করে ব্যস্ত সময় পার করেছেন জনপ্রিয় এই অভিনয়শিল্পী। এবারও এর ব্যতিক্রম হয়নি। ঈদের আগে একটানা কাজ করেছেন তিনি। একদিনও অবসর পাননি। গরুর হাটে সজল নিয়মিত যান। এটা কমবেশি সবার জানা। এবারও তিনি গেছেন, তবে সেটা শুটিংয়ের বিরতির ফাঁকে। কারণ, কাজের চাপে গরুর হাটে যাওয়ার আলাদা দিন বের করতে পারেননি বলে জানান সজল। চাঁদরাতেও নাটকের শুটিং করেছেন তিনি। তাই কোরবানির গরু কিনেছেন গতকাল সকালেই।
একসঙ্গে এত নাটক প্রচারিত হচ্ছে। আবার কিছু নাটক একই সময় প্রচারিত হবে। সব নাটক দর্শকের সমান বিনোদন দিতে পারবে তো? আপনার কেমন লাগছে?
উত্তরে সজল বলেন, ‘অবশ্যই ভালো লাগছে। তবে একই সময় আমার নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে, এটার জন্য দায়ী কিন্তু আমি না। তার পরও একটা সমাধান আছে। কারণ, ঈদের নাটকগুলো রাতে আবার পুনঃপ্রচার করা হয়। কেউ যদি মিস করেন, তাহলে আবার সেই নাটক তাঁরা দেখতে পাবেন। আর আমাদের দেশের মানুষ ঈদের দিন সাধারণত তিনটা কাজ বেশি করেন। এক, ঘোরাঘুরি; দুই, কেউ কেউ নিজের মতো করে আনন্দ খোঁজেন এবং হলে সিনেমা দেখেন; আর তিন, বাসার সবাই মিলে টিভি দেখেন। তাই আমার মনে হয়, প্রত্যেকবারের মতো এবার ঈদের নাটকগুলোও দর্শকের ভালো বিনোদন দিতে পারবে।’

নাইস নূর