‘মুখোশের আড়ালে’ নিশো
নাটকের নাম ‘মুখোশের আড়ালে’। কে এই মুখোশধারী ব্যক্তি? নাটকের পরিচালক কৌশিক শংকর দাশ জানালেন, “নাটকটিতে নিশো মুখোশধারী একজন সুপারস্টার চরিত্রে অভিনয় করেছেন। স্টার হওয়ার আগে নিশোর জীবন ছিল সাধারণ। নিশো সবাইকে খুশি রাখতে পছন্দ করতেন। কেউ কষ্ট পেলে মনপ্রাণ দিয়ে হাসানোরা চেষ্টা করতেন। কিন্তু নিশো সুপারস্টার হওয়ার পর বদলাতে শুরু করেন। অন্য কাউকে তো হাসানো দূরে থাক, এমনকি নিজেও হাসতে চান না। এমন অবস্থায় এক পরিচালক ‘জোকার’ শিরোনামে একটি চলচ্চিত্রে কাজ করার প্রস্তাব দেন নিশোকে। প্রথমে নিশো প্রস্তাব ফিরিয়ে দিলেও পরে তিনি কাজটা করতে রাজি হন। কিন্তু শুটিং করতে এসে দেখেন, তিনি আর আগের মতো অভিনয় করতে পারছেন না। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প।’
‘মুখোশের আড়ালে’ নাটকটি যৌথভাবে লিখেছেন তৌফিক নওয়াজ ও পরিচারক কৌশিক শংকর দাশ। নাটকের গল্প ও অভিনেত্রী নিশো প্রসঙ্গে পরিচালক আরো জানালেন, ‘নাটকের গল্প সমসাময়িক। আমাদের দেশে ও বাইরে চলচ্চিত্র জগতে স্টারদের এমন ঘটনার অনেক প্রমাণ আছে। নিশো চরিত্রটি খুব ভালো ভাবে ফুটিয়ে তুলেছে। আমি ওর অভিনয়ে মুগ্ধ।’
‘মুখোশের আড়ালে’ নাটকটিতে অভিনয় করেছেন ফারহানা মিলি, আশরাফুল আশীষ, শেহজাদ ওমর, আরিফসহ আরো অনেকে। ঈদে এনটিভিতে ‘মুখোশের আড়ালে’ নাটকটি প্রচারিত হবে।

নাইস নূর