আইরিনের ব্যস্ততা
মিডিয়ায় মাত্র দেড় বছরের ক্যারিয়ার। তবে আইরিন আফরোজ এগিয়ে চলেছেন দুরন্ত গতিতে, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে। ক্যামেরার সামনে সাবলীল অভিনয় আর মডেলিং দিয়ে তিনি নজর কেড়েছেন সবার।
আইরিন অভিনীত তিনটি ধারাবাহিক নাটক এখন বিভিন্ন টেলিভিশনে প্রচারিত হচ্ছে। এনটিভিতে প্রচারিত হচ্ছে ‘লেক ড্রাইভ লেন’, আরটিভিতে ‘ঝালমুড়ি’ আর দেশটিভিতে ‘কলিং বেল’। এবারের ঈদে এশিয়ান টিভিতে প্রচারিত হবে সকাল আহমেদ পরিচালিত সাত পর্বের ধারাবাহিক নাটক ‘নায়িকা’। ঈদের পর প্রচারিত হবে অম্লান বিশ্বাস পরিচালিত ধারাবাহিক ‘শূন্যতা’।
‘ভালোবাসার ভুত-ভবিষ্যৎ’ নামে আইরিন অভিনীত একটি একক নাটক ঈদে এসএটিভিতে প্রচারিত হবে। গ্রামীণ ফোনের অর্থায়নে এটি নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। ‘পড়শি বাড়ি’ নামে আরো একটি একক নাটকের কাজ সম্প্রতি শেষ করলেন প্রতিশ্রুতিশীল এই মডেল-অভিনেত্রী। মাজিদ হোসেন রন্টি পরিচালিত রোমান্টিকধর্মী নাটকটি প্রচারিত হবে ঈদের পর। এত কাজের মধ্যেও সাত পর্বের ধারাবাহিক ‘নায়িকা’ প্রসঙ্গে আলাদা করেই বললেন আইরিন, ‘এখানে আমি তৌকির আহমেদ ও বিজরি বরকতউল্লাহর সঙ্গে কাজ করেছি। তাঁদের মতো অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করতে গিয়ে শুরুতে খুব ভয় লাগছিল। তবে তাঁদের বন্ধুত্বপূর্ণ ব্যবহারে সেই ভয়টা একদমই অনুভব করিনি। নাটকের আমার চরিত্রটা নেতিবাচক। তবে আমি নিশ্চিত, দর্শকদের ভালো লাগবে।’

আইরিন বলেন, ঈদের পর একসঙ্গে আমার পাঁচটি ধারাবাহিক চলবে। আপাতত আর ধারাবাহিক নাটক হাতে নিতে চাই না। একক নাটক ও টিভিসিতে মন দিতে চাই। ধারাবাহিকে খুব বেশি সময় দিতে হয়। শিডিউল ম্যানেজ করে অন্য কাজে সময় দেওয়াটা কঠিন হয়ে দাঁড়ায়।’
সম্প্রতি অনম বিশ্বাসের করা ‘বিউটিফুল বাংলাদেশ’ টিভিসিতে মডেল হয়েছেন আইরিন। এটি এখন প্রচারিত হওয়ার অপেক্ষায়। এর আগে তিনি বিকাশ, গোল্ড মার্ক বিস্কুট, মেরিল ভ্যাসলিন, মেন্টোস, মাই ক্যাশ, প্রাণ পিনাট বার, প্রাণ ঝালমুড়ি, প্রাণ গুঁড়া মসলা, প্যারাশুট নারিকেল তেল, জুম আলট্রা, এয়ারটেল থ্রি-জিসহ প্রচুর বিজ্ঞাপনে মডেল হয়েছেন।

দেলোয়ার রাশেদ