‘নৃত্যশিল্পী’ শ্রাবণ্য
উপস্থাপনা, মডেলিং, অভিনয়—সবই করছেন। এবার নৃত্যশিল্পী হিসেবেও দেখা যাবে শ্রাবণ্য তৌহিদাকে। ঈদ উপলক্ষে এসএটিভির একটি নাচের অনুষ্ঠানে প্রথমবারের মতো নেচেছেন এই ‘সুপারগার্ল’।
টেলিভিশন অনুষ্ঠানে প্রথম হলেও ছোটবেলা থেকেই নাচতেন শ্রাবণ্য। সেটা চালিয়ে যেতে পারেননি পড়াশোনা নিয়ে ব্যস্ততার কারণে। এবার সুযোগটা পেয়ে তাই হাতছাড়া করেননি বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তা। আজ সোমবার এনটিভি অনলাইনকে শ্রাবণ্য বললেন, নাচের প্রতি সব সময়ই একটা টান অনুভব করতাম। ছোটবেলায় বেশ নাচতাম। তবে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পর নাচ চালিয়ে যেতে পারিনি। এত বছর পর নাচলাম। অভিজ্ঞতাটা অন্যরকম ছিল। দারুণ উপভোগ করেছি। আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে।’
দীর্ঘদিন পর নাচাটা যে সহজ ছিল না, সেটা অকপটে স্বীকার করলেন শ্রাবণ্য, ‘এত বছর নাচিনি বলে ব্যাপারটা সত্যি কষ্টসাধ্য ছিল। তবে সেটা কাটিয়ে উঠার জন্য যথেষ্ট পরিশ্রম করেছি। সময় খুব বেশি পাইনি। মাত্র দুইদিনের মধ্যে প্রস্তুতি নিতে হয়েছে। তবে এই দুইদিনে আমার প্রচেষ্টা, নাচের প্রতি আমার ভালোবাসা দেখে কোরিওগ্রাফার এম আর ওয়াসেক মুগ্ধ।’
উপস্থাপনা আর মডেলিং দিয়ে সবার নজর কাড়া শ্রাবণ্য জানান, এসএটিভির ঈদের অনুষ্ঠানটিতে তাঁর সঙ্গে নেচেছেন গত বছর অনুষ্ঠিত ‘চ্যানেল আই সেরা নাচিয়ে’র ফাইনালিস্ট প্রিতম। নৃত্যানুষ্ঠানটিতে আরো পারফর্ম করেছেন বিদ্যা সিনহা মিম, চাঁদনি, সাফা কবির। ঈদের দ্বিতীয় দিন অনুষ্ঠানটি প্রচারিত হওয়ার কথা রয়েছে।
বহু গুণের অধিকারী শ্রাবণ্য সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন জিটিভির ক্রিকেটবিষয়ক অনুষ্ঠান ‘ক্রিকেট ম্যানিয়া’র উপস্থাপক হিসেবে। গত বিশ্বকাপ থেকে তিনি এতে উপস্থাপনা করছেন। অনুষ্ঠানটিকে তো অনেকেই বলেন ‘শ্রাবণ্য ম্যানিয়া’ নামেও! এর বাইরে ‘এসএ লাইভ স্টুডিও’র উপস্থাপনা করছেন। আরটিভিতে একটি লাইভ অনুষ্ঠানের উপস্থাপনা করতে যাচ্ছেন তিনি। ঈদে আসছে শ্রাবণ্যর দুটি টেলিভিশন বিজ্ঞাপনও (টিভিসি)।

দেলোয়ার রাশেদ