মালাইকা ইন, করন আউট
নাচের রিয়েলিটি শো ‘ঝালাক দিখলা যা রিলোডেড’। এতে নতুন বিচারক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন অভিনেত্রী-প্রযোজক মালাইকা অরোরা খান। আর প্রথম দিন জাঁকজমকভাবে তাঁকে বরণ করে নিয়েছেন বাকি সবাই। মালাইকার এই আগমনের মাধ্যমেই প্রস্থান ঘটল আগের বিচারক পরিচালক-প্রযোজন করন জোহরের।
তবে এই প্রস্থান করনের নিজের কাজের ব্যস্ততার জন্য। তাই মালাইকার নতুন যাত্রায় তাঁকে ফোনে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তবে সেখানেও ছিল বেশ নাটকীয়তা। রিয়েলিটি শোর আরেক বিচারক শাহিদ কাপুর মালাইকার হাতে ফোন ধরিয়ে দিয়ে বলেন, শম্ভু নামের তাঁর এক ভক্ত তাঁকে শুভেচ্ছা জানাতে চান। মালাইকা সেই ভক্তের সঙ্গে ফোনে কথা বলা শুরু করার কিছুক্ষণ পর বুঝতে পারেন, ‘শম্ভু’ নামের এই ভক্ত আসলে করন জোহর!

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, “মালাইকার বিখ্যাত আইটেম গান ‘মুন্নি বদনাম হুয়ি’ গানের সঙ্গে নাচতে নাচতে সেটে আসেন মালাইকা। আর তাঁকে বহন করে আনে একটি বিরাট হৃদয়, মানে হৃদয়াকৃতির একটি গাড়ি।”
মালাইকার আগমনে বিচারক থেকে প্রতিযোগী—সবাই বেশ খুশি। মালাইকাকে নিয়ে ছবি তুলেছেন বাকি বিচারকরা। করনের অভাব হয়তো আরো ভালোভাবেই পূরণ করবেন মালাইকা অরোরা খান।


ফিচার ডেস্ক