জোর কদমে চলছে ‘ফ্যান্টম’
প্রথম দিন খুব আলোড়ন হয়নি। সপ্তাহটাই একরকম স্থবির কেটেছে বলিউডে। তবে দ্বিতীয় আর তৃতীয় দিন ব্যবসা মন্দ হয়নি সাইফ আলি খান ও ক্যাটরিনা কাইফের ‘ফ্যান্টম’ ছবির। ফিল্মফেয়ারের খবরে জানা গেল, মুক্তির প্রথম তিন দিনে আয় ৩০ কোটি ছাড়িয়েছে ছবিটির।
গেল শুক্রবার ‘ফ্যান্টম’-এর সঙ্গে টক্কর দেওয়ার মতো অন্য কোনো ছবি মুক্তি পায়নি। প্রথম দিন দেশীয় সিনেমা হলের ২০ থেকে ২৫ শতাংশ জায়গা দখল করতে পেরেছে ‘ফ্যান্টম’। প্রথম দিন আয় ছিল আট কোটি ৪৬ লাখ রুপি। পরের দিন থেকেই অবশ্য ব্যবসা জমতে আরম্ভ করেছে। শনিবার ‘রক্ষা বন্ধন’-এর ছুটিতে ভাগ্য খোলে ছবিটির। আয় গিয়ে দাঁড়ায় ১২ কোটি ৭৮ লাখ রুপিতে। তার পরদিন, রোববার তো এমনিতেই ছুটি। এদিনে আয় হয়েছে ১২ কোটি ৭০ লাখ রুপি। সব মিলিয়ে প্রথম তিন দিনে ডমেস্টিক বক্স অফিসে ছবিটির মোট আয় হয়েছে ৩৩ কোটি ১৮ লাখ রুপি। এটি এ বছরের প্রথম তিন দিনে বেশি আয় করা ছবিগুলোর একটিও হয়েছে সে সুবাদে।
ঘরোয়া বাজার ছাড়িয়ে বিদেশেও মন্দ করছে না কবির খানের এই অ্যাকশন-থ্রিলার। বাইরের প্রদর্শনী থেকে এখন পর্যন্ত মোট আয় সাড়ে ১০ কোটি রুপি, যার ৬০ শতাংশ এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। আপাতদৃষ্টিতে বলা যায়, ‘বজরঙ্গি ভাইজান’-এর পর ‘ফ্যান্টম’ কবির খানকে একই বছরে জোড়া সাফল্য এনে দিতে যাচ্ছে।

ফিচার ডেস্ক