দ্রুত আত্মজীবনী লিখতে চান শাহরুখ
অনেকদিন ধরে আত্মজীবনী লিখে চলছেন বলিউড বাদশা শাহরুখ খান। কিন্তু শেষ করতে পারছেন না। বয়স চলছে ৪৯, এখন আত্মজীবনীটা শেষ করতে চান। যে কোনো ছবির চেয়েও এখন আত্মজীবনীটা প্রকাশ করাই তাঁর প্রধান লক্ষ্য। অবশ্য আরো বেশ কিছু ইচ্ছা তাঁর আছে। সেসব ইচ্ছার একটা ধারাবাহিক তালিকা ভক্তদের জন্য টুইটারে দিয়েছেন তিনি। এ খবর জানিয়েছে এনডিটিভি।
ইচ্ছার তালিকা দিয়ে তিনি টুইটারে লিখেছেন, ‘মোটামুটি একটা খসড়া তালিকা করলাম, জীবনে আর কী কী করার ইচ্ছা আছে। তবে সবার আগে আত্মজীবনী লেখার কাজটা শেষ করতে চাই। অনেকদিন ধরে লিখছি। কেউ এবার আমাকে থামান!!’
২০ বছরে এক দশক (টুয়েন্টি ইয়ার্স ইন অ্যা ডিকেড) শিরোনামে আত্মজীবনী লিখছেন কিং খান। শেষ করার যে তাগাদা তিনি দেখিয়েছেন তাতে মনে হচ্ছে খুব শিগগির ভক্তরা সেটি হাতে পেয়ে যাবেন।
এ ছাড়া আর বাকি যে ইচ্ছেগুলোর তালিকা শাহরুখ খান করেছেন, ভক্তরা সেগুলোও একনজর দেখে নিতে পারেন :
১. গিটার শেখা
২. রান্না শেখা
৩. যুতসই একজোড়া জিন্স প্যান্ট খুঁজে বের করা
৪. পাঁচটা ককটেল বানাতে শেখা
৫. গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলা
৬. ‘প্যাপিলন’ বইটা আবার পড়া
৭. এমন একটা গান গাওয়া যা পৃথিবীর সব মা এবং মেয়েদের খুশি করবে
৮. ব্যাকফ্লিপ শেখা, আরেকবার
৯. নোবেল পুরস্কার পাওয়ার মতো কোনো থিওরি আবিষ্কার
১০. একজন জলপরীকে খুঁজে বের করা

ফিচার ডেস্ক