চাঞ্চল্যকর হত্যাকাণ্ড নিয়ে আসছে ‘তলওয়ার’
মুক্তি পেতে চলেছে ভারতের চাঞ্চল্যকর আরুষি হত্যাকাণ্ড নিয়ে নির্মিত ছবি ‘তলওয়ার’। চলতি বছরের আগামী ২ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘তলওয়ার’। এরই মধ্যে মুক্তি পেয়েছে ছবির ফার্স্ট লুক এবং ট্রেলার।
ভারতে নয়াদিল্লির গ্রেটার নয়ডার একটি বাড়িতে ২০০৮ সালে পাওয়া যায় ১৪ বছরের কিশোরী আরুষি তলোয়ারের মৃতদেহ। আর তার পরদিন একই বাড়ির ছাদে পাওয়া গেল তলওয়ার পরিবারের পরিচারক হেমারাজের মৃতদেহ। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে এই জোড়া খুনকে কেন্দ্র করে সেই সময় তোলপাড় হয়ে গিয়েছিল গোটা ভারত। এই ঘটনায় সন্দেহের তালিকায় এসে পড়েছিলেন আরুষির বাবা-মা। পরে পুলিশ তাঁদের গ্রেফতারও করে। বলা হয়, ভারতের বুকে অন্যতম বিতর্কিত হত্যাকাণ্ড ছিল এই আরুষি হত্যাকাণ্ড। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডকে নিয়ে রুপালি পর্দায় কাহিনীর জাল বুনেছেন মেঘনা গুলজার। ছবির নাম রাখা হয় ‘তলওয়ার’। মেঘনা গুলজারের দাবি, এই ছবিতে অনেক অজানা তথ্য উঠে আসবে। তা ছাড়া ওই হত্যাকাণ্ড নিয়ে একটি রহস্যও ফাঁস করবে ছবিটি।
তলওয়ার ছবিতে আরুষির মায়ের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী কঙ্কনা সেনশর্মা। অন্যদিকে অনুসন্ধানকারী অফিসারের চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ইরফান খান। এই ছবিতে অভিনয় করা প্রসঙ্গে বলতে গিয়ে ইরফান জানান, এই চরিত্রটি করতে তিনি বিন্দুমাত্র ভাবনাচিন্তা করেননি। মেঘনা গুলজার তাঁকে এই ছবিতে অভিনয় করার কথা বলতেই তিনি লুফে নিয়েছেন। ‘তলওয়ার’ ছবি নিয়ে উৎসাহিত কঙ্কনা সেনশর্মাও। ছবির ফার্স্ট লুক এরই মধ্যে নিজের টুইটারে শেয়ার করেছেন তিনি।

মনোজ বসু, কলকাতা