আলিয়ার ফিটনেস রহস্য
ভাট পরিবারের ছোট মেয়ে আলিয়া এখন বলিউডের বড় তারকা। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর সময় থেকে এখন পর্যন্ত অভিনয়ের সঙ্গে শারীরিক গঠনের জন্য প্রশংসিত তিনি। জিরো ফিগারের ইঁদুর-দৌড়ে না থেকেও ‘ওয়েল-টোনড’ ফিগারের জন্য টিনএজার ভক্তদের মুগ্ধতা পেয়েছেন দেদার। এই ফিটনেসের রহস্য অকপটে এনডিটিভিকে জানিয়েছেন আলিয়া। আর তা হলো খাওয়া-দাওয়া!
শুনে অবাক হতে পারেন, তবে আলিয়ার কথা এমনই। ভালো ফিগারের জন্য খাওয়া-দাওয়া বন্ধ করে শুকিয়ে যাওয়ার কোনো মানেই নেই ‘শানদার’ কন্যার কাছে। ‘আমার একমাত্র মন্ত্র হলো, পরিমিতভাবে ভালো খাবার খাওয়া। নিজের জন্য ঠিকঠাক পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা খুবই জরুরি, সঙ্গে দরকার বিশ্রাম। তাহলেই আপনি নিজের মাঝে ভালো থাকবেন,’ বলেন আলিয়া। ফিটনেসের জন্য কাজ, খাওয়া-দাওয়া এবং বিশ্রাম নিয়মমতো করাকে গুরুত্বপূর্ণ মনে করেন তিনি। নিজেকে পরিচয় দেন ‘ফুরফুরে’ মানুষ হিসেবে।
ফিটনেস প্রফেশনাল ইয়াসমিন করাচিওয়ালা ও জিনা ধাল্লার নতুন বই ‘স্কাল্প্ট অ্যান্ড শেপ : দ্য পিলেটস ওয়ে’-এর মোড়ক উন্মোচনের সময় এসব কথা বলেন আলিয়া।
কিছুদিন পরই শহিদ কাপুরের বিপরীতে ‘শানদার’ ছবির মাধ্যমে বড়পর্দায় ফিরছেন আলিয়া ভাট। এ ছবিতে বেশ লাস্যময়ী ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছেন বলিউডের এই টিনএজ সেনসেশন। সে সুবাদে মুক্তির আগেই এই রোমান্টিক কমেডি ঘরানার ছবিটি নিয়ে বেশ আলাপ-সালাপ শুরু হয়ে গেছে বলিউডে। ২২ অক্টোবর ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সামি আল মেহেদী