বরুণ-রাধিকার বন্ধুতা
‘বদলাপুর’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। একে অন্যের বিপরীতে নয়, বরং একে অন্যের শত্রু ভূমিকাতেই ছিল তাঁদের চরিত্র। তবে অফস্ক্রিন সম্পর্ক কিন্তু তেমন নয়। এনডিটিভির খবরে জানা গেল, ‘বদলাপুর’ ছবির শিকার ও শিকারির (যারা ‘বদলাপুর’ দেখেছেন, তাঁরাই বুঝবেন!) মধ্যে বাস্তবে দারুণ খাতির।
‘বরুণ আমার খুব ভালো বন্ধু। ওর প্রশংসা আর সমালোচনা, দুটোই আমার কাছে গুরুত্বপূর্ণ। ও খুবই সৎ সমালোচক, আমাদের সম্পর্কটাও তেমনই। ও আমার কাছে খুবই স্পেশাল’-গণমাধ্যমের সঙ্গে আলাপের সময় এভাবেই বলেন ‘অহল্যা’-কন্যা রাধিকা।
কেতন মেহতার ‘মাঝি’ ছবিটি মুক্তি পেল আজকেই। এ জন্য এক বিশেষ প্রদর্শনীর ইভেন্টে উপস্থিত ছিলেন বরুণ ধাওয়ান, নওয়াজউদ্দিন সিদ্দিকী ও রাধিকা আপ্তে। তিনজনই এর আগে একসঙ্গে অভিনয় করেছেন ‘বদলাপুর’ ছবিতে। ইভেন্টে তাঁরা মজা করে ছবি তুলেছেন হাতুড়ি নিয়ে। এখানে উল্লেখ করতে হয়, ‘মাঝি’ ছবিতে হাতুড়ি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতীক বা বিষয়। এ নিয়ে মজা করে রাধিকা বলেন, ‘বরুণ আমার দারুণ বন্ধু এটা ঠিক, তবে ওর মাথায় হাতুড়ি রাখবার সুযোগ পেয়ে আমি দারুণ খুশি!’
‘মাঝি’ ছবির জন্য ভালোই প্রশংসা পেয়েছেন রাধিকা, এ জন্য বেশ খুশি তিনি। ‘দারুণ ছিল ব্যাপারটা। সবাই আজ ছবিটা দেখতে এসেছে। আমার খুব ভালো লাগছে। এখনো পর্যন্ত যার যার সঙ্গে দেখা হয়েছে, সবাই ছবিটার প্রশংসা করেছে।’ বলেন রাধিকা।

সামি আল মেহেদী