বড়পর্দায় আসছে কট্টর নেতা বাল ঠাকরের জীবন
পুত্রবধূর প্রযোজনা এবং নাতির পরিচালনায় এবার বড় পর্দায় আসছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী নেতা বাল ঠাকরের জীবন। একসময় মারাঠা সাম্রাজ্যের সর্বশেষ অধিপতি ছিলেন তিনি। শুধু রাজনৈতিক ব্যক্তি হিসেবেই নন, তাঁর ছিল নিজস্ব কিছু স্টাইল, ক্যারিশমা, উদ্যম আর সর্বোপরি অগণিত মানুষকে মুগ্ধ করার এক বিরল ক্ষমতা। বাল ঠাকরের জীবনের সেই সমস্ত বিশেষত্বকে এবার সিনেপর্দায় তুলে আনছেন বালাসাহেবের সবচেয়ে প্রিয় পুত্রবধূ স্মিতা ঠাকরে। প্রাথমিকভাবে ছবির নাম ঠিক হয়েছে ‘সাহেব’। ১৯৬৬ সাল থেকে ২০০৬ সাল-বালাসাহেব ঠাকরের বর্ণময় রাজনৈতিক জীবন। শুধু একজন রাজনৈতিক নেতা হিসেবেই নন, মারাঠি মানুষজনের কাছে তিনি ছিলেন একজন পথপ্রদর্শক। মারাঠা সাম্রাজ্যে তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, যার মৃত্যুতে স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা মুম্বাই নগরী। বালাসাহেবের মৃত্যুর পর গোটা শহরে জারি করা হয়েছিল হাই অ্যালার্ট। সেই বাল ঠাকরের জীবনের বিভিন্ন মুহূর্তকে এবার ছবিতে তুলে ধরার উদ্যোগ নিয়েছেন তাঁর পুত্রবধূ স্মিতা।
স্মিতা ঠাকরে এর আগে বেশ কয়েকটি ছবি প্রযোজনা করেছেন। স্মিতা জানিয়েছেন, তাঁর বড় ছেলে বেশ কিছুদিন ধরেই ছবির জগতের সঙ্গে যুক্ত। ‘পিকে’ ছবিতে রাজকুমার হিরানির সহযোগী হিসেবেও কাজ করেছেন তিনি। এবার তিনি স্বাধীনভাবে পরিচালনায় পা রাখতে চান। আর তাঁর জন্য তিনি প্রথম ছবি হিসেবে বেছে নিয়েছেন তাঁর পিলগার (মারাঠিতে ঠাকুরদা) বর্ণময় জীবনকে। শুধু রাজনৈতিক দিক থেকে নয়, বালাসাহেবের জীবনের উত্থান, সংগ্রাম, বিতর্ক, শিবসেনার অভ্যন্তরীণ বিবাদ এবং ঘটনাবহুল জীবনের সমাপ্তি সবই এই বায়োপিকে থাকবে। ছবির নাম ‘সাহেব’ রাখার পেছনেও রয়েছে যুক্তি। কারণ, বাল ঠাকরের পরিবারের লোক, পরিজন, অনুগামী সবাই তাঁকে এই নামেই ডাকতেন। যদিও প্রথম দিকে ছবির নাম ঠিক করা হয়েছিল ‘টাইগার’। অবশ্য বালাসাহেব চাইতেন ওই নামেই সবাই তাঁকে ডাকুক। তবে এই ছবির সহ-প্রযোজক সন্দীপ সিং জানান, শিবসেনার সমর্থক ও বাল ঠাকরের শুভানুধ্যায়ীরা এই নেতাকে ভালোবেসে ‘বালাসাহেব’ বলে ডাকতেন। তাই শেষ পর্যন্ত ছবির নাম ‘সাহেব’ ঠিক করা হয়েছে। ২০১৭ সালের প্রথম দিকে মুক্তি পাবে ‘সাহেব’। এর আগেও বাল ঠাকরের জীবননির্ভর অনেক ছবি বলিউডে হয়েছে। পরিচালক রাম গোপাল ভার্মার ‘সরকার’ ছবিটি অনেকটাই বালাসাহেবের ইমেজে তৈরি হয়েছিল। তবে এবার সরাসরি বাল ঠাকরের জীবন নিয়ে এই ছবি তৈরি হতে চলেছে। তবে ছবির বিভিন্ন চরিত্রে কে কে অভিনয় করবেন তা এখনো ঠিক হয়নি।

মনোজ বসু, কলকাতা