করনের নতুন জুটি শাহরুখ-আলিয়া
করন জোহরের বাড়িতে শাহরুখ খানের আগমনেই ‘কিছু একটা’ আঁচ করেছিলেন বলিউডভক্তরা। করনও স্পয়লার দিয়েছিলেন, বড়সড় কিছু ঘটতে চলেছে। অবশেষে গতকাল সন্ধ্যায় জানালেন আনুষ্ঠানিক ঘোষণা। টুইট করেছেন, আলিয়া ভাট ও শাহরুখ খানকে নিয়ে হতে যাচ্ছে তাঁর পরবর্তী ছবি।
ছবির এখনো নামধাম কিছুই দেওয়া হয়নি, কাহিনীও জানা যায়নি। শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং করন জোহরের ধর্ম প্রোডাকশনসের ব্যানারে যৌথ উদ্যোগে নির্মিত হতে যাচ্ছে, এটুকুই আপাতত খবর। ছবি পরিচালনা করবেন গৌরি শিন্দে। ‘ইংলিশ ভিংলিশ’ ছিল এই পরিচালকের প্রথম ছবি। শাহরুখ আর আলিয়া যে এ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন, এ খবর পাকাপাকি।
বয়সের হিসাব করলে, ছোটবেলায় নির্ঘাত শাহরুখের ছবি দেখেছেন আলিয়া ভাট। হেনকালে এসে ছোটবেলার প্রিয় এক নায়কের বিপরীতে অভিনয় করা তো স্বপ্নের মতোই। সেই আনন্দে একটু উচ্ছ্বাস না জানালে কি হয়! আলিয়াও টুইট করেছেন, ‘গৌরি শিন্দের ছবির জন্য আমার আর তর সইছে না, শাহরুখের সঙ্গে অভিনয় করতে যাচ্ছি!’ এ টুইটে শাহরুখকে রীতিমতো ‘মাই ম্যান’ হিসেবে উল্লেখ করেছেন আলিয়া। আনন্দ তো এমনই হওয়ার!
শাহরুখ খান ও করন জোহরের জুটি নতুন কিছু নয়। করনের পরিচালনায় শাহরুখের ক্যারিয়ারে জমা হয়েছে ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’, ‘কাভি আলবিদা না কেহনা’ এবং ‘মাই নেইম ইজ খান’-এর মতো ছবি। তবে দুজনে একসঙ্গে কোনো ছবি প্রযোজনা করতে যাচ্ছেন এই প্রথমবারের মতো।

সামি আল মেহেদী