শোলে
নট আউট ৪০
হিন্দি সিনেমায় ইতিহাস তৈরি করা ছবি ‘শোলে’। বলিউডের কাল্ট ক্ল্যাসিক। আজ ১৫ আগস্ট শোলে ছবি পূর্ণ করল ৪০ বছর। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মুক্তি পেয়েছিল শোলে। এই ৪০ বছরে হিন্দি সিনেমার পালাবদল হয়েছে অনেক। প্রযুক্তিতে এসেছে আমূল পরিবর্তন। কিন্তু এখনো ‘শোলে’ ছবির আবেদন কমেনি দর্শকদের মনে।
রমেশ সিপ্পি পরিচালিত এই ছবির চিত্রনাট্য লিখেছিলেন সে সময়ের জনপ্রিয় সেলিম-জাভেদ জুটি। এই জুটির সেলিম খান হচ্ছে সালমান খান, আরবাজ খান এবং সোহেল খানের বাবা। আর জাভেদ হচ্ছেন জাভেদ আখতার। পরিচালক-অভিনেতা ফারহান আখতার ও পরিচালক জয়া আখতারের বাবা।
সংলাপের জন্যই দর্শকদের মনে দাগ কেটেছে ‘শোলে’। সংলাপের জোরেই মৃত্যুঞ্জয়ী হয়েছে শোলে ছবির খলনায়ক গাব্বার সিং। এই চরিত্রে অভিনয় করেছিলেন আমজাদ খান। এখনো বলিউডের প্রথম সারির সব নায়করা গাব্বার সিংয়ের মতো খলনায়কের চরিত্রে অভিনয় করতে চান।
এমনকি ছবির জয় চরিত্রে অভিনয় করা অমিতাভ বচ্চন পরিচালক রমেশ সিপ্পি এবং চিত্রনাট্যকার সেলিম-জাভেদকে অনুরোধ করেছিলেন গাব্বার সিংয়ের চরিত্রটি করার জন্য। কিন্তু কেউই তাঁর কথায় রাজি হননি, তাই জয়ের চরিত্র করতে হয় তাঁকে।
ভীরু চরিত্রে অভিনয় করা ধর্মেন্দ্র অবশ্য চেয়েছিলেন গাব্বার সিং অথবা ঠাকুরের চরিত্রে অভিনয় করতে। কিন্তু যখন শুনলেন ভীরুর নায়িকা হেমা মালিনী, তখন তিনি ভীরু চরিত্রে কাজ করতে নির্দ্বিধায় রাজি হয়েছিলেন। সেই সময়ের ফিল্ম ম্যাগাজিনগুলোর দাবি, শোলে ছবির আগে থেকেই হেমা মালিনীর প্রতি দুর্বলতা ছিল ধর্মেন্দ্রর।
ছবিতে অমিতাভ বচ্চনের বিপরীতে রাধা চরিত্রে অভিনয় করেছিলেন জয়া ভাদুড়ি। আর ধর্মেন্দ্রর বিপরীতে বাসন্তী চরিত্রে অভিনয় করেছিলেন হেমা মালিনী। এই দুই জুটি পরবর্তী সময়ে বাস্তব জীবনে বিয়ে করেন এবং শোলে ছবির মতো তাদের সংসারের ইনিংসও অপরাজিত!
গাব্বারের চরিত্রটি নেওয়া হয়েছিল বাস্তব জীবনের এক ডাকাতের চরিত্র থেকে। ১৯৫০-এর দশকে ভারতের গালোরে এ রকম ডাকাত ছিল যে পুলিশ সদস্যদের নাক-কান কেটে নিত।
শোলে ছিল প্রথম হিন্দি ছবি যেটা ৭০ মিলিমিটার ফিল্মে শ্যুট করা হয়েছিল এবং এই ছবিতেই প্রথমবারের মতো স্টেরিওফোনিক শব্দ ব্যবহার করা হয়েছিল।
মুক্তি পাওয়ার পর প্রথম কয়েকদিন শোলে তেমন সাড়া জাগাতে পারেনি। সে সময় অনেক হল মালিকই ছবিটি সরিয়ে নিতে চেয়েছিলেন। কিন্তু পরে দর্শকদের মুখে মুখে এই ছবির সুনাম ছড়িয়ে পড়ে আর তাতেই ব্লকব্লাস্টার হিট হয়ে যায় ছবিটি।

ফাহিম ইবনে সারওয়ার