ইরফান করলেন আইটেম গান
ভারতের বিতর্কিত স্ট্যান্ডআপ কমেডি গ্রুপ এআইবির সঙ্গে মিলে মজার এক কাজ করেছেন ইরফান খান। সব সময় ভিন্নধারার এবং ‘কঠিন’ চরিত্রে অভিনয় করা এই তারকা পারফর্ম করেছেন একটি আইটেম গানে, জানা গেল এনডিটিভির খবরে। তবে এই আইটেম গানের উদ্দেশ্যই ছিল বলিউডের আইটেম গান-সংস্কৃতিকে একহাত দেখে নেওয়া!
urgentPhoto
এই ভিডিও কয়েক দিন হলো প্রকাশ পেয়েছে ইউটিউবে। স্বাভাবিকভাবেই, অজস্রবার ভিউ হয়েছে গানটি, হচ্ছেও। এতে ইরফান খান অনেকটা ভারতের এ সময়ের হিট র্যাপ গায়ক ইয়ো ইয়ো হানি সিংয়ের বেশ ধরেছেন (অবশ্যই ইচ্ছাকৃতভাবে!), সঙ্গে হানির ‘পার্টি অল নাইট’ গানটি নিয়ে রসিকতা করেছেন। তবে শুধু হানি সিংয়ের গান নয়, বরং বলিউডের সব ধরনের আইটেম গানকেই খোঁচা দিয়েছে ইরফান-এআইবি জুড়ি। পুরো গানের কথা এবং দৃশ্যায়নে রসিকতার আদলে তুলে ধরা হয়েছে আইটেম গান-সংস্কৃতির অন্তঃসারশূন্যতা।
‘মকবুল’, ‘পান সিং তোমর’, ‘হাসিল’, ‘হায়দার’, ‘লাঞ্চবক্স’, ‘পিকু’, ‘দ্য নেমসেক’ ছবির অভিনেতা ইরফান এই প্রথম কোনো আইটেম গানে পারফর্ম করলেন। গানসহ পুরো ভিডিওটি প্রায় সাত মিনিটের।
ভিডিওটি সবাইকে দেখার আমন্ত্রণ করে টুইট করেছেন ইরফান। সঙ্গে অত্যাবশ্যকীয় সতর্কতা হিসেবে জুড়ে দিয়েছেন, কাউকে আঘাত করার উদ্দেশ্য নেই এই গানে।
স্ট্যান্ডআপ কমেডি গ্রুপ এআইবি এ বছরের শুরুর দিকেই রণবীর সিং, অর্জুন কাপুর ও করণ জোহরকে নিয়ে একটি কমেডি অনুষ্ঠানের (এআইবি রোস্ট) বিশেষ পর্ব আয়োজন করেছিল। ওই অনুষ্ঠান তুমুল বিতর্ক সৃষ্টি করে। এ ঘটনা রীতিমতো আদালত, মামলা-মোকদ্দমা পর্যন্ত গড়িয়েছিল। পুরো বলিউড, এক অর্থে দুই ভাগে বিভক্ত হয়ে অবস্থান নিয়েছিল এ অনুষ্ঠান এবং অংশগ্রহণকারীদের পক্ষে-বিপক্ষে। এই গানের জন্য ইরফান কোনো নতুন বিতর্কের খপ্পরে পড়বেন কি না, তা সময়ই বলে দেবে।
ঐশ্বরিয়ার কামব্যাক মুভি ‘জ্যযবা’তে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ইরফানকে। এ ছাড়া আসছে তাঁর হলিউডি ছবি ‘ইনফার্নো’।

সামি আল মেহেদী