‘নারীদের কখনো আশা ছাড়তে নেই’
লন্ডন প্রবাসী একজন গ্রাফিক ডিজাইনার ও নাট্যকার জাফরিন সাদিয়া। প্রবাসে থেকেও এখন পর্যন্ত দেশের অসংখ্য নাটক ও চলচ্চিত্রের গ্রাফিক্স ডিজাইন করেছেন তিনি। নাটকও নিয়মিত লিখছেন। আজ নারী দিবসে নারীদের সম্পর্কে তাঁর অভিমত ও অন্যান্য বিষয় নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন তিনি।
নারী দিবসের শুভেচ্ছা। নারীদের নিয়ে আপনার অভিমত জানতে চাই…
জাফরিন সাদিয়া : নারীরা এখন অনেক এগিয়ে আছেন। নারীদের কখনো আশা ছাড়তে নেই। সবসময় তাঁরা যেন চেষ্টা করেন তাঁদের স্বপ্ন পূরণ করতে। নিজের প্রতি সৎ থাকতে হবে এবং বিশ্বাস রাখতে হবে, ইচ্ছা শক্তি থাকলে অনেক কিছু করা সম্ভব।
প্রবাসে থেকেও বাংলাদেশের মিডিয়াতে নিয়মিত কাজ করছেন। কাজ করতে কখনো সমস্যায় পড়েছেন কী?
জাফরিন সাদিয়া : সত্যি বলতে, কাজ করতে কখনো সমস্যা হয়নি। ইন্টারনেট সুবিধা এখন অনেক বেড়েছে। ফেসবুক, ই-মেইল, মেসেঞ্জার, ভাইবারের মাধ্যমে যোগাযোগ খুব সহজে করা যায়। লন্ডনে ২০০২ সাল থেকে আমি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছি। দেশের জন্য কাজ করতে পারলে আমার আনন্দ দ্বিগুণ হয়। আমি আমার অভিজ্ঞতা সব জায়গায় কাজে লাগাতে চাই। তাই নাটক কিংবা চলচ্চিত্রে নিয়মিত কাজ করছি।
আপনি তো নাটক ও টেলিফিল্মও লিখছেন। এ বিষয়ে কিছু বলুন…
জাফরিন সাদিয়া : এটা আমার শখ বলতে পারেন। এখন পর্যন্ত আমার লেখা বেশ কিছু নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়েছে। সামনের ঈদের জন্য আরো চারটা নাটক লিখেছি। আর এ পর্যন্ত প্রায় ৬০ এর উপরে বিভিন্ন নাটক ও চলচ্চিত্রের গ্রাফিক ডিজাইন আমি করেছি।
আপনার গ্রাফিক ডিজাইনে উল্লেখ্যযোগ্য কিছু চলচ্চিত্র ও নাটকের নাম বলুন…
জাফরিন সাদিয়া : অনেক আছে। চলচ্চিত্রগুলোর মধ্যে ‘পোড়ামন’,‘পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী ২’, ‘কিস্তিমাত’, ‘অনেক সাধের ময়না’, ‘ছুঁয়ে দিল মন’, ‘স্বপ্ন যে তুই’, ‘ঢাকা অ্যাটাক’ এবং নাটক ‘নীল প্রজাপতি’, ‘মনসুবা জংশন’, ‘প্রজাপতি ভালোবাসা’, ‘অ্যাংরি বার্ড’, ‘ভালোবাসার ফানুস’, ‘তুমিময়’, ‘সাইলেন্ট থিফ’, ‘ফিলিংস’, ‘নো’ ইত্যাদি।

নাইস নূর