সঞ্জয় দত্তের জীবনী নিয়ে হিরানির পরবর্তী ছবি
বলিউডের ‘খান’ থেকে ‘কাপুর’ সবারই ইচ্ছা তাঁর অন্তত একটা ছবিতে কাজ করার। ‘থ্রি ইডিয়টস’ এবং ‘পিকে’ ছবি দিয়ে আমির খানের সে ইচ্ছা পূরণ করেছেন রাজকুমার হিরানি। দুটো ছবিই ভারতের ইতিহাসে সেরা ব্যবসাসফল ছবিগুলোর মধ্যে প্রথম সারিতে। গত বছরের শেষের দিকে মুক্তি পাওয়া ‘পিকে’ ভারতে এবং ভারতের বাইরে ব্যবসার নতুন রেকর্ড করেছে।
কিন্তু এই হিরানি নিজের প্রথম ছবি বানিয়েছিলেন ৪১ বছর বয়সে। সে সময়ে নবীন পরিচালক হিসেবে খান বা কাপুরদের কাছে পাননি হিরানি। পেয়েছিলেন সঞ্জয় দত্তকে। ২০০৩ সালের ‘মুন্নাভাই এমবিবিএস’ পাল্টে দিয়েছিল সঞ্জয় দত্তের ইমেজ। সব সময় মারদাঙ্গা অ্যাকশন করা সাঞ্জুকে ‘মুন্নাভাই’ হিসেবে বরণ করে নেয় ভক্তরা।
ভাগ্যের ফেরে হিরানির অকৃত্রিম বন্ধু সঞ্জয় এখন জেলের ঘানি টানছেন। শুধু ‘থ্রি ইডিয়টস’ ছাড়া হিরানির সব ছবিতেই ছিলেন সঞ্জয় দত্ত।
এবার সঞ্জয় দত্তের আত্মজীবনী নিয়ে ছবি তৈরির ঘোষণা দিয়েছেন হিরানি। আগামী বছর শুটিং শুরু হবে, এখন চলছে চিত্রনাট্যের কাজ। নিজের মুখে এ কথা জানিয়েছেন হিরানি। খবরটি ছাপা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির অনলাইন সংস্করণে।
তবে সাঞ্জুর চরিত্রে কে অভিনয় করবেন সেটা নিয়ে এখনো মাথা ঘামানো শুরু করেননি হিরানি। এনডিটিভিকে তিনি বলেন, ‘আমরা আসলে এখন চিত্রনাট্য নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছি। ওটা ঠিকঠাক দাঁড়িয়ে গেলে বাকি ব্যাপারগুলোও আপনারা জানতে পারবেন।’
অবশ্য গুজব আছে, পর্দায় সাঞ্জুর ভূমিকায় রণবীর কাপুর অভিনয় করবেন বলে পরিচালকের সাথে তাঁর পাকা কথা হয়েছে। পিকে ছবির শেষ দৃশ্যে পিকেকে ফিরিয়ে নিতে রণবীরকে ফ্লাইং সসার থেকে নামিয়েছিলেন হিরানি। তখন থেকেই রণবীরের ব্যাপারটা অনেকেই ভাবতে শুরু করেছিলেন।
অবশ্য হিরানি বলেছেন, ‘হ্যাঁ, রণবীরের সাথে কথা হয়েছে। আরো বেশ কয়েকজনের সাথেও কথা হয়েছে। কিন্তু এখনো কোনো কিছু ঠিক হয়নি।’

ফাহিম ইবনে সারওয়ার