মিলন-নাদিয়ার ‘সুলতান ভাই’
শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘সুলতান ভাই’। মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাসির উদ্দিন মাসুদ। প্রযোজনা করেছেন মো. কামরুজ্জামান কামরুল।
নাটকটি ৫ সেপ্টেম্বর থেকে প্রতি শনি, রবি ও সোমবার রাত সাড়ে ৮টায় একুশে টেলিভিশনে সম্প্রচার হবে। নাটকে মূল ভূমিকায় অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও নাদিয়া আহমেদ।
ধারাবাহিক প্রসঙ্গে আনিসুর রহমান মিলন বলেন, ‘অন্যান্য ধারাবাহিক থেকে নতুন এ ধারাবাহিকটি একটু ব্যতিক্রম। পুরান ঢাকা, সদরঘাটের বিভিন্ন জায়গায় নাটকটির শুটিং হয়েছে। আমি সুলতান চরিত্রে অভিনয় করেছি। পুরান ঢাকার ভাষায় কথা বলতে দেখা যাবে। সব মিলিয়ে ধারাবাহিকটি দেখে দর্শক আনন্দ পাবেন।’
নাটকের গল্প এমন—সুলতানের জন্ম হয়েছে ঢাকার ঐতিহ্যবাহী সরদার পরিবারে। সরদার পরিবার অর্থবিত্তে, জ্ঞান-গরিমায়, মান-সম্মানে, দাপটে অন্যদের তুলনায় নিজেদের শ্রেষ্ঠ মনে করে। ঠিক সে কারণে এলাকার কেউ তাদের ওপর কথা বলে না। সরদার বংশের সবাইকে এলাকার মানুষ ভয় পায়। কিন্তু সরদার পরিবারের আব্বাস একটু ব্যতিক্রমী স্বভাবের। গল্পের শুরুতেই দেখা যায়, আব্বাস একটি হেলিকপ্টার থেকে নামে। পাশে তার দুই চাচাতো ভাই জিন ও ছালে। সে এসে ঘোড়ার গাড়িতে চেপে বসে। ঘোড়ার গাড়িতে একটা মিউজিক বক্স সেট করা থাকে। সেখান থেকে আওয়াজ বের হতে থাকে—গরিবের বন্ধু, অবহেলিত মানুষের নয়নের মণি, চোর-ডাকাত, সন্ত্রাসীদের ত্রাস, ঢাকার ত্রাস ‘আব্বাস ভাই’। এভাবেই গল্পটি এগোয়।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, ডা. এজাজ, লুৎফর রহমান জর্জ, মনিরা মিঠু, শিরিন আলম, জামিল হোসাইন, মিলন ভট্ট, নাফিজা নাফা, নাজিরা মৌ, পূর্ণিমা বৃষ্টি, ফারজানা রিক্তা, আনোয়ার, বাদল, অনুভব মাহবুব, মিথিলাসহ আরো অনেকে।

বিনোদন প্রতিবেদক