বড় পাঙাশ ধরলেন মৌসুমী হামিদ!
জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মৌসুমী হামিদ। টেলিভিশন খুললেই নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে তাঁর দেখা মেলে। মৌসুমীর অভিনয়দক্ষতায় মুগ্ধ অগণিত দর্শক। রূপে-গুণে অনন্য এ সুন্দরীর আরো একটি গুণ আছে, তিনি মাছ ধরতে জানেন। কী, বিশ্বাস হচ্ছে না? তাহলে আজ রাতে চোখ রাখুন এনটিভির পর্দায়!
হ্যাঁ, মাছ ধরায়ও দক্ষতা আছে অভিনয়শিল্পী মৌসুমী হামিদের। আর তা সবার সামনে করেও দেখিয়েছেন। মৌসুমী জানিয়েছেন তাঁর তিন চাচ্চুসহ জাল ফেলে মাছ ধরার গল্প। শুধু মাছ ধরা নয়, জীবনের নানা দিকও বলেছেন এ অভিনেত্রী। আজ একেবারে আক্ষরিক অর্থেই মৌসুমী হামিদের মাছ ধরার দৃশ্য দেখবেন দর্শক। কীভাবে? তাহলে পড়ুন পুরোটা।
তারকাদের বিচিত্র সব শখ থাকে। কেউ অবসরে মাছ ধরেন, কেউ বাগান করেন। কেউ ছুটি মিললেই রওনা দেন দূর-দূরান্তে। আবার কুকুর-বিড়ালসহ নানা প্রাণী পোষার শখও রয়েছে অনেকের। বাংলাদেশের বিভিন্ন অঙ্গনের তারকাদের অবসর-বিনোদন বা প্রিয় শখ কী, সেসবের বিস্তারিত নিয়েই এনটিভির নতুন আয়োজন ‘প্রিয় শখ’। থাকবেন শোবিজ থেকে রাজনৈতিক অঙ্গনের মানুষও।
বাংলাদেশের প্রথম এই সেলিব্রেটি টক, ফান অ্যান্ড ফিশিং শো ‘প্রিয় শখ’-এর শুরুর ২৬টি পর্ব হবে ফিশিং নিয়ে। এরই মধ্যে বেশ কয়েকটি পর্বের শুটও শেষ হয়েছে। শোর নির্মাতা হুমায়ূন ফরিদ, সঞ্চালক তাহমিনা অথৈ। আজ শনিবার রাত ৮টা ৫০ মিনিটে সম্প্রচারিত হবে এই শোর চতুর্থ পর্ব। আজ মৌসুমী হামিদের মাছ ধরার দৃশ্য দেখবেন তাঁর অনুরাগীরা। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্বে চিত্রনায়ক রিয়াজ, সাইমন সাদিক ও কণ্ঠশিল্পী আগুনের মাছ ধরার দৃশ্য দেখেছিলেন দর্শক। ওই তিন পর্ব ব্যাপক সাড়া ফেলেছিল।
এই শো প্রসঙ্গে এনটিভি অনলাইনকে মৌসুমী হামিদ বলেন, ‘এটা একেবারেই নতুন ধরনের শো। আমি আরো আনন্দিত এ কারণে যে, এই শোর প্রথম নারী অতিথি আমি। এ জন্য সম্মানিত বোধ করছি। ছোটবেলা থেকেই আমি মাছ ধরি। মনে হলো, সেই ছেলেবেলা ঘুরে এলাম। খুব নস্টালজিক হয়ে পড়েছি এই শো করে। এ জন্য এনটিভিকে অসংখ্য ধন্যবাদ।’
দেখুন প্রিয় শখের প্রোমো :
এই পর্ব প্রসঙ্গে নির্মাতা হুমায়ূন ফরিদ বলেন, ‘মৌসুমী হামিদ খুবই আনন্দের সঙ্গে এই শোটি গ্রহণ করেছেন। তাঁর প্রাণবন্ত উপস্থিতি, মন খুলে স্মৃতিচারণ, মাছ ধরা সবকিছুই ভালো লেগেছে। মৌসুমী হামিদকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বরাবরের মতো এই পর্বের ভিজ্যুয়ালটাও অসাধারণ হয়েছে।’
ফরিদ আরো বলেন, ‘পৃথিবীতে ফিশিং শো অনেক হয়েছে, ভবিষ্যতেও হবে। মাছ চাষ বা জেলেদের মাছ ধরা নিয়ে কিছু প্রামাণ্যচিত্র আমাদের দেশেও নির্মাণ করা হয়েছে, কিন্তু ধারাবাহিকভাবে সেলিব্রেটিদের নিয়ে টক, ফান অ্যান্ড ফিশিং শো বাংলাদেশে এর আগে হয়নি। এই আয়োজন এবারই প্রথম।’
আজ শনিবার (১৪ মার্চ) রাত ৮টা ৫০ মিনিটে এনটিভিতে ‘প্রিয় শখ’ সম্প্রচার হবে। পঞ্চম পর্বে আগামী ২১ মার্চ দর্শক দেখতে পাবেন বিশিষ্ট রাজনীতিক ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের মাছ ধরার অভিজ্ঞতা; শুনতে পাবেন নানা মজার গল্প।

বিনোদন প্রতিবেদক