পুত্রসন্তানের মা-বাবা হলেন ববিতা-বিবেক
ভারতের বিখ্যাত রেসলার ও রাজনীতিক ববিতা ফোগাত এবং তাঁর স্বামী বিবেক সুহাগ গতকাল পুত্রসন্তানের মা-বাবা হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর জানিয়েছেন এ দম্পতি। সুপারস্টার আমির খান ‘দঙ্গল’ সিনেমায় ববিতার সংগ্রামী জীবন তুলে ধরেছিলেন।
অন্তর্জালে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালে নবজাতক কোলে হাস্যোজ্জ্বল ববিতা ফোগাত এবং পাশে তাঁর স্বামী বিবেক।
কমনওয়েলথ গেমসে পদকপ্রাপ্ত ববিতা ফোগাত ও বিবেক সুহাগ সাতপাকে বাঁধা পড়েন ২০১৯ সালের নভেম্বরে। গত বছরের নভেম্বরে তাঁরা প্রথম সন্তান আশা করার খবর প্রকাশ করেন। একটি ছবিতে দেখা যায়, ববিতার বেবি বাম্প জড়িয়ে আছেন বিবেক।
সন্তান আগমনের খবরে উচ্ছ্বসিত বলিউড অঙ্গন। গতকাল কন্যাসন্তানের মা হন আনুশকা শর্মা। বলিউড তারকারা আনুশকা-কোহলি দম্পতিকে শুভেচ্ছায় ভাসান।
ববিতা-বিবেক দম্পতিকেও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন অঙ্গনের তারকারা। রণদীপ হুদা, অনিতা হাসানন্দানি, মধুরিমা তুলি থেকে সাইনা নেহওয়ালসহ চলচ্চিত্র ও ক্রীড়া তারকারা এ দম্পতিকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।

বিনোদন ডেস্ক