তোফাজ্জল থেকে চ্যালেঞ্জার হওয়া মানুষটি নেই ১০ বছর
পুরো নাম এ এস এম তোফাজ্জল হোসেন। পারিবারিক ডাকনাম সাদেক। এ নামে আপনার কোনো চেনা অভিনেতার কথা মনে পড়ে? আপনার মনে না পড়েলেও এ মানুষটি ১০ বছরের ক্যারিয়ারে অভিনয় করেছেন দুই শতাধিক নাটকে। সিনেমাতেও কাজ করেছেন তিনি। একসময় টেলিভিশন খুললেই দেখা মিলত এই অভিনেতাকে। তাঁকে আপনি যে নামে চেনেন, তিনি চ্যালেঞ্জার।
আজ (১২ অক্টোবর) সেই তোফাজ্জল থেকে পর্দায় চ্যালেঞ্জার হওয়ার মানুষটি নেই ১০ বছর। ২০১০ সালের আজকের দিনে দীর্ঘদিন ক্যানসারে ভুগে ৫১ বছর বয়সে তিনি ঢাকার মোহাম্মদপুরের শেখেরটেকের নিজ বাসভবনে মারা যান।
২০০০ সালে হুমায়ূন আহমেদ পরিচালিত ‘হাবলঙ্গের বাজার’ টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয়ে যুক্ত হন এ এস এম তোফাজ্জল হোসেন। এ নাটকে কাজ করার সময় হুমায়ূন আহমেদ তাঁর নাম ‘চ্যালেঞ্জার’ দিয়েছিলেন। হুমায়ূন আহমেদ পরিচালিত প্রায় সব নাটকে দেখা মিলত তাঁর। অভিনয়দক্ষতায় পেয়েছিলেন জনপ্রিয়তাও। এরপর কাজ করেছেন সিনেমাতেও। তাঁর অভিনীত সিনেমাগুলোর মধ্যে আছে শহীদুল ইসলাম খোকনের ‘লাল সবুজ’, হুমায়ূন আহমেদের ‘শ্যামল ছায়া’, ‘নয় নম্বর বিপদ সংকেত’ ও ‘দারুচিনি দ্বীপ’ এবং আমজাদ হোসেনের ‘কাল সকালে’ উল্লেখযোগ্য।
বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর বড় ভাই চ্যালেঞ্জার।

বিনোদন ডেস্ক