জন্মদিনে ব্যস্ত জাহিদ হাসান
৫৩ বসন্ত শেষ করে জীবনের ৫৪ বছরের ‘শুটিং’ শুরু করেছেন জনপ্রিয় অভিনেতা ও নাট্য পরিচালক জাহিদ হাসান। জন্মদিনের শুভেচ্ছা জানাতে সকালে যোগাযোগ করা হলে পাওয়া গেল না এই অভিনেতাকে।
জন্মদিনে জাহিদ হাসানকে মুঠোফোনে পাওয়া গেল দুপুরের দিকে। তখন তিনি বাংলাদেশ টেলিভিশনে শুটিংয়ে ব্যস্ত। এনটিভি অনলাইনকে জানালেন সেই ব্যস্ততার কথা।
এরপর এক সংক্ষিপ্ত আলাপচারিতায় এনটিভি অনলাইনকে জাহিদ হাসান বলেন, ‘এখন বিটিভিতে আছি একটা শুটিংয়ে। কথা বলার অবস্থায় নেই। জন্মদিনে পরিবারকে সময় দিচ্ছি, শুটিং করছি, ব্যস্ততার মধ্যে আছি।’
জাহিদ হাসান ১৯৬৭ সালের আজকের দিনে (৪ অক্টোবর) সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। নব্বই দশক থেকে দীর্ঘদিন তিনি বাংলা নাটকের অপরিহার্য নাম ছিলেন। জাহিদ হাসান ছোটবেলায় সিরাজগঞ্জ তরুণ সম্প্রদায় নাট্যদলে যোগ দেন। সে সময় তিনি ‘সাত পুরুষের ঋণ’ মঞ্চনাটকে নিয়মিত অভিনয় করেন, যা ১৯৮৪ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচার হয়।
১৯৮৬ সালে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার যৌথ প্রযোজনার ‘বলবান’ সিনেমার মাধ্যমে সিনেমায় অভিষেক হয় জাহিদ হাসানের। টেলিভিশনে অভিনয় শুরু করেন ১৯৯০ সালে। তাঁর অভিনীত প্রথম টেলিভিশন নাটক ‘জীবন যেমন’। তবে জাহিদ হাসান জনপ্রিয়তা পেয়েছেন হুমায়ূন আহমেদের নাটক ও সিনেমায় অভিনয় করে। ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমায় অভিনয় করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অভিনয়ের পাশাপাশি নাটকও পরিচালনা করেন জাহিদ হাসান। তাঁর পরিচালিত প্রথম মেগা ধারাবাহিক ‘লাল নীল বেগুনি’।

বিনোদন প্রতিবেদক