জাবির নতুন উপাচার্য অধ্যাপক নূরুল ইসলাম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নূরুল ইসলাম। এর আগে তিনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপচার্য হিসেবে দায়িত্বরত ছিলেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে অধ্যাপক ড. নূরুল ইসলামকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর পদ হতে অব্যাহতি প্রদানপূর্বক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ১১(১) ধারা অনুযায়ী তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হলো।
প্রজ্ঞাপনে অধ্যাপক ড. নূরুল ইসলামের নিয়োগের ক্ষেত্রে কয়েকটি শর্তের কথা উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে। তবে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই যদি তার বয়স ৪ বছর পূর্ণ বা অবসর গ্রহণের তারিখ চলে আসে, তবে যেটি আগে ঘটবে সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন। উপর্যুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। এছাড়া রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।
এছাড়া আরেকটি প্রজ্ঞাপনে ১৯৭৩ ১১(২) ধারা অনুযায়ী উপাচার্য হিসেবে দায়িত্বরত ড. কামরুল আহসানকে উক্ত পদ হতে অব্যাহতি প্রদানপূর্বক তার মূলপদ দর্শন বিভাগের অধ্যাপক হিসেবে যোগদানের অনুমতি প্রদান করা হয়েছে।
এর আগে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. কামরুল আহসান।

আকিব সুলতান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়