খেলাপি ঋণ কমাতে বড় পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের
দেশের ব্যাংক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং জনআস্থা বাড়াতে চার বছর মেয়াদি সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর দীর্ঘদিনের অনিয়ম, খেলাপি ঋণ ও দুর্বল ব্যবস্থাপনা দূর করে আর্থিক খাতকে শক্তিশালী করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক খাতের বর্তমান দুর্বলতা চিহ্নিত করে পর্যায়ক্রমে তা দূর করার কাজ চলছে। এ লক্ষ্যে ব্যাংকগুলোর আর্থিক অবস্থা যাচাই এবং সম্পদের মান পর্যালোচনা করা হচ্ছে। বিশেষ করে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর এই পর্যালোচনা শেষ পর্যায়ে রয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিনের অনিয়ম, দুর্বল ঋণ ব্যবস্থাপনাসহ আর্থিক ক্ষতির প্রকৃত চিত্র উঠে আসছে।
বাংলাদেশ ব্যাংক বলছে, সম্প্রতি খেলাপি ঋণের হারসহ বিভিন্ন আর্থিক সূচকে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা গত দুই বছরের ঘটনা নয়, বরং দীর্ঘদিনের অনিয়ম ও দুর্বলতার ফল। চলমান সংস্কার কার্যক্রমের মাধ্যমে ডিসেম্বর ২০২৬-এর মধ্যে খেলাপি ঋণ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোর স্বাভাবিক কার্যক্রম চালু রাখতে জরুরি অর্থসহায়তা ও গ্যারান্টি দেওয়া হচ্ছে। একইসঙ্গে এসব ব্যাংকে সুশাসন ফিরিয়ে আনতে পরিচালনা পর্ষদ পুনর্গঠন, যোগ্য পরিচালক নিয়োগ এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থাপনা পরিচালক পরিবর্তনের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া দুর্বল ব্যাংকগুলোর আর্থিক অবস্থা উন্নত করতে পুনর্গঠন পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আওতায় ব্যাংকের মূলধন বাড়ানো, আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থার পরিবর্তন, পুরোনো খেলাপি ঋণ আদায় এবং ঝুঁকিপূর্ণ সম্পদ ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হবে। আগামী চার বছরে এসব পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। দীর্ঘমেয়াদে ব্যাংক খাতকে আরও শক্তিশালী করতে আমানত সুরক্ষা ব্যবস্থা উন্নত করা, ঋণ আদায় বাড়ানো, ঋণ বিতরণে শৃঙ্খলা আনা এবং ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে জরুরি সহায়তা ব্যবস্থাগুলোও ধীরে ধীরে স্বাভাবিক করা হবে।
বাংলাদেশ ব্যাংক আশা করছে, এসব সংস্কার সফলভাবে বাস্তবায়িত হলে ব্যাংক খাতে সুশাসন ও স্বচ্ছতা বাড়বে, আর্থিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা উন্নত হবে এবং জনগণের আস্থা ফিরে আসবে। এতে দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নেও ব্যাংক খাত আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। ব্যাংক খাতের পরিস্থিতি নিয়ে গুজব বা বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক ঘোষণা ও নির্ভরযোগ্য তথ্যসূত্র অনুসরণ করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক