আন্তর্জাতিক বাণিজ্যে টাকা ব্যবহারে নতুন নির্দেশনা
আন্তর্জাতিক বাণিজ্যে দেশি মুদ্রা টাকার ব্যবহার বাড়াতে একগুচ্ছ নির্দেশ জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা মতে, বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে বাংলাদেশে কোনো প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্রো অ্যাকাউন্ট খোলা ও পরিচালনা করা যাবে।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্টের এক সার্কুলার জারি করে দেশের অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের কাছে এ নির্দেশ পাঠানো হয়েছে।
নির্দেশনা মতে, বিদেশি অংশীদার ব্যাংকের নামে খোলা ভস্ট্রো অ্যাকাউন্টে শুরুতে কোনো অর্থ জমা রাখতে হবে না। আমদানি-রপ্তানির এলসি, বাণিজ্য চুক্তি ও ইনভয়েস আগের মতোই অবাধে রূপান্তরযোগ্য বিদেশি মুদ্রায় করা যাবে। তবে লেনদেন নিষ্পত্তির সময় প্রচলিত বিনিময় হার অনুযায়ী তা টাকায় রূপান্তর করতে হবে।
নির্দেশনায় বলা হয়, আমদানিকারকেরা স্থানীয় ব্যাংকিং চ্যানেল বা সংশ্লিষ্ট ভস্ট্রো অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন নিষ্পত্তি করতে পারবেন। নির্ধারিত শর্ত পূরণ হলে এসব হিসাবের বিপরীতে ওভারড্রাফট সুবিধাও দেওয়া যাবে। এছাড়া বিদেশি ব্যাংকের ভস্ট্রো অ্যাকাউন্টে থাকা উদ্বৃত্ত অর্থ বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ, পোর্টফোলিও বিনিয়োগ, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড এবং ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যাবে। প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে স্থানীয় প্রতিষ্ঠানের পাওনা পরিশোধ বা বিদেশে রেমিট্যান্স হিসেবে এ অর্থ পাঠানো যাবে। অন্যদিকে যেসব দেশ অবাধে রূপান্তরযোগ্য নয় এমন স্থানীয় মুদ্রায় লেনদেন করতে চায়, সেসব ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিয়ে বিদেশি নস্ট্রো অ্যাকাউন্ট বজায় রেখে লেনদেন নিষ্পত্তি করা যাবে।

নিজস্ব প্রতিবেদক