গাজীপুরে বিপুল নকল সিগারেট ও কাঁচামাল জব্দ
গাজীপুরে স্ট্যাম্প-ব্যান্ডরোলবিহীন নকল সিগারেট ও প্রসেসড টোব্যাকো জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। একই সঙ্গে সিগারেট তৈরির কাঁচামাল ‘অ্যাসিটেট টো’ জব্দ করে সংস্থাটি।
আজ সোমবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন বিষয়টি জানিয়েছেন।
আল আমিন শেখ জানান, গাজীপুরের কালিয়াকৈর এলাকায় অবৈধ ও নকল সিগারেট উৎপাদনের অভিযোগের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) অভিযান চালায়। অভিযান পরিচালনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১ এর সদস্যরা কাস্টমস গোয়েন্দাকে সহায়তা করেন। অভিযানে লাকি স্ট্রাইক, ডার্বি ও রয়্যালস ব্র্যান্ডের নকল সিগারেট, প্রসেসড টোব্যাকো ও সিগারেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ কাঁচামাল অ্যাসিটেট টো জব্দ করা হয়েছে।
আল আমিন শেখ আরও জানান, জব্দ করা সিগারেটের প্যাকেটে কোনো রাজস্ব স্ট্যাম্প বা ব্যান্ডরোল পাওয়া যায়নি। ফলে এসব সিগারেটের অবৈধ উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকির বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এর আগে কালিয়াকৈর উপজেলার পাঁচগাছী এলাকায় অবস্থিত শামস টোব্যাকোর বিরুদ্ধে ব্যান্ডরোলবিহীন ও নকল ব্যান্ডরোল ব্যবহার করে সিগারেট উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগ পাওয়া যায়। তবে অভিযানে জব্দ করা নকল সিগারেট, প্রসেসড টোব্যাকো ও অ্যাসিটেট টোর সঙ্গে শামস টোব্যাকোর সম্পৃক্ততা এখনও চূড়ান্তভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলমান রয়েছে।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন জানান, জব্দ করা পণ্যের উৎস, উৎপাদন ও সরবরাহ-শৃঙ্খল, কাঁচামাল সংগ্রহের উৎস, সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভূমিকাসহ রাজস্ব ফাঁকির পরিমাণ যাচাই শেষে প্রকৃত দায়-দায়িত্ব নিরূপণ করা হবে। তদন্তে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা এবং রাজস্ব ফাঁকির প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক