এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব।
আজ সোমবার (২৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) আহসান হাবিবকে সংস্থাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ করা হলো।
এতে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে এনবিআরের সদস্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন আহসান হাবিব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন আহসান হাবিব। এ ছাড়া বিসিএস পরীক্ষায় তার ব্যাচে প্রথম হয়েছিলেন তিনি। কর্মজীবনে কর অঞ্চল-১৫-এর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
সিআইসির মহাপরিচালক থাকাকালে কর ফাঁকি ও আর্থিক অনিয়ম সংক্রান্ত কয়েকটি আলোচিত অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেন আহসান হাবিব।

নিজস্ব প্রতিবেদক