১৬০০ সিসির ওপরে তেলের গাড়ির দাম বাড়ছে না
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১২০০ থেকে ১৬০০ সিসির গাড়ির ওপর বিদ্যমান সামগ্রিক করভার ১৩২.৩৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫৫.৮৮ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। তবে অন্যান্য গাড়ির করহার অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে। ফলে ১৬০০ সিসির ওপরে গাড়ির দাম বাড়ছে না।
আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট পেশ করেন। প্রস্তাবিত বাজেটে, সরকার নির্দিষ্ট কিছু গাড়ির ক্ষেত্রে কর কাঠামো পুনর্বিন্যাসের উদ্যোগ নিলেও অন্যান্য শ্রেণির গাড়ি আমদানির ক্ষেত্রে বিদ্যমান করভার অপরিবর্তিত রাখার প্রস্তাব করেছে।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী, যেসব গাড়ির জন্য নতুন করহার নির্ধারণের কথা বলা হয়েছে তার বাইরে থাকা অন্যান্য আমদানিকৃত গাড়ির ওপর বর্তমান করহার ও শুল্ক কাঠামো বহাল থাকবে।
এবারের প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। অংকের দিক থেকে যা দেশের ইতিহাসের রেকর্ড। বাজেটে সরকারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিলকরণ এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতি’র পথে এগিয়ে নেওয়া।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট। আগামী ১৫ জুন চলতি অর্থবছরের সম্পূরক বাজেট পাস হবে। এরপর ১৬ জুন ২০২৬–২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনা শুরু হবে এবং ৩০ জুন বাজেট পাস করতে হবে।

নিজস্ব প্রতিবেদক