কয়েক দফা কমার পর আজ যে দামে মিলছে স্বর্ণ
বিশ্ববাজারে দাম কমার পর দেশের বাজারেও কমেছে স্বর্ণের দাম। তেজাবি স্বর্ণের মূল্য কমে যাওয়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৬ হাজার ৫৯১ টাকা কমিয়েছে। এতে করে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ হয়েছে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা।
গতকাল বুধবার (১০ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস।
নতুন দাম অনুযায়ী আজ বৃহস্পতিবার (১১ জুন) দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ মিলছে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১২ হাজার ৬৩৪ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪৮ হাজার ৪২৫ টাকায় মিলছে।
গত ৬ জুন সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়েছিল। এর আগে গত ২ জুন সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। গত ২৮ মে ঈদুল আজহার পর থেকে এ পর্যন্ত তিন দফায় স্বর্ণের দাম কমল। তিন দফায় মোট ১৫ হাজার ৩৩৯ টাকা কমানো হয়েছে।
বাজুস জানায়, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দামই দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বলবৎ থাকবে। তবে ক্রেতাদের অবগতির জন্য জানানো হয়েছে যে, এই নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি অতিরিক্ত যুক্ত হবে। গহনার নকশা ও গুণগত মানভেদে এই মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলেও সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক