মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপের ১৭ বছরে পদার্পন উদযাপন
আড়ম্বরপূর্ণ ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের অটোমোবাইল সার্ভিস খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লিমিটেডের ১৭ বছরে পদার্পন উদযাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে প্রতিষ্ঠান প্রাঙ্গনে জাঁকজমকপূর্ণভাবে কেক কাটার মধ্য দিয়ে এই ১৭ বছরে পদার্পন অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে দিনভর নানা আনন্দঘন আয়োজনে মুখরিত ছিল পুরো ওয়ার্কশপ প্রাঙ্গন। গ্রাহকের শতভাগ আস্থা অর্জন এবং তা যুগের পর যুগ ধরে রাখার সুদৃঢ় প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করা মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লিমিটেড আজ দেশের অটোমোবাইল সার্ভিসের একটি ‘বিশ্বস্ত নাম। ২০১০ সালে অত্যন্ত সাধারণ ও সীমিত পরিসরে যাত্রা শুরু করে উন্নত প্রযুক্তি, দক্ষ জনবল এবং আন্তর্জাতিক মানের যুগোপযোগী সেবা নিশ্চিতের মাধ্যমে প্রতিষ্ঠানটি মাত্র ১৬ বছর সফলভাবে সম্পন্ন করে আজ দেশের শীর্ষ ব্র্যান্ডে পরিণত হতে পেরেছে।
প্রতিষ্ঠানের ১৭ বছরের নতুন এই অগ্রযাত্রার শুরুর দিনটিতে আয়োজিত জমকালো অনুষ্ঠানে মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপের কর্মকর্তা-কর্মচারী, দেশের শীর্ষস্থানীয় করপোরেট পার্টনার, নিয়মিত গ্রাহক ও অসংখ্য শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত ও উদ্বোধনী বক্তব্য দেন মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লিমিটেডের চেয়ারম্যান জাহিদ করিম চৌধুরী। এরপর দীর্ঘ ১৬ বছরের পথচলার আবেগঘন স্মৃতিচারণমূলক বক্তব্য দেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মাছউদ করিম চৌধুরী এবং সবশেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক ইছমাইল করিম চৌধুরী।
বক্তারা তাদের বক্তব্যে প্রতিষ্ঠানের বিগত ১৬ বছরের অভাবনীয় সাফল্যের বিভিন্ন দিক এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন; একইসঙ্গে এই দীর্ঘ পথচলায় পাশে থাকা সম্মানিত গ্রাহক, নিবেদিতপ্রাণ কর্মী ও ব্যবসায়িক অংশীদারদের অসামান্য অবদানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এবারের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ স্কয়ার ফার্মাসিউটিক্যাল্স লিমিটেডের এবং স্কয়ার টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত এইচএসবিসি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহবুবুর রহমান। অনুষ্ঠানে আরও সম্মানীয় অতিথি ছিলেন ফার অয়েল অ্যান্ড গ্যাস-এর চেয়ারম্যান লেফ. জেনারেল আতাউল এইচ এস হাসান ও হাসান এন্টারপ্রাইজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরএম সামিউল হাসান।
এ সময় প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগীয় প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথি উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন। এবারের উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় ও উল্লেখযোগ্য অংশ ছিল বাৎসরিক ওমরাহ ডিক্লারেশন বা ঘোষণা। প্রতি বছর প্রতিষ্ঠাবার্ষিকীতে লটারির মাধ্যমে একজন সৌভাগ্যবান কর্মীকে প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে পবিত্র ওমরাহ হজ করার সুযোগ দেওয়া হয়, যা এবারও অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক