দাম কমলো জেট ফুয়েলের
উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ বৃহস্পতিবার (৭ মে) বিইআরসি’র পক্ষ থেকে এই নতুন দাম নির্ধারণ করা হয়। এর ফলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটে উড়োজাহাজ পরিচালনার খরচ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
বিইআরসি ঘোষিত নতুন মূল্য অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার ফুয়েলের দাম ১ দশমিক ৪৮০৬ ডলার (শুল্ক ও মূসকমুক্ত) থেকে কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ ডলার নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কমিশন।
গত ২৪ মার্চ জেট ফুয়েলের দাম অভ্যন্তরীণ রুটে ৮০ শতাংশ এবং আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রায় ৭৯ শতাংশ বাড়ানো হয়েছিল। পরবর্তীতে ৭ এপ্রিল আবারও দাম বাড়ানো হয়। টানা কয়েক দফা বৃদ্ধির পর এবার জ্বালানিটির দাম কমানোর সিদ্ধান্ত এলো।

নিজস্ব প্রতিবেদক